২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

আখাউড়া বন্দর বন্ধ থাকবে পাঁচদিন

প্রধানমন্ত্রী শেখ হাসিনার ত্রিপুরা সফর, আখাউড়া পৌরসভার নির্বাচন এবং সাপ্তাহিক বন্ধ উপলক্ষে টানা পাঁচদিন বন্ধ থাকবে ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া স্থলবন্দর।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 09 Jan 2012, 08:39 AM

Updated : 24 Aug 2022, 10:32 AM

ব্রাহ্মণবাড়িয়া, জানুয়ারি ০৯ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- প্রধানমন্ত্রী শেখ হাসিনার ত্রিপুরা সফর, আখাউড়া পৌরসভার নির্বাচন এবং সাপ্তাহিক বন্ধ উপলক্ষে টানা পাঁচদিন বন্ধ থাকবে ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া স্থলবন্দর। আখাউড়া স্থলবন্দর সিএন্ডএফ এজেন্ট অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক মনির হোসেন বাবুল সোমবার জানান, প্রধানমন্ত্রীর সফরকে কেন্দ্র করে তিনদিন, আখাউড়া পৌর নির্বাচন উপলক্ষে একদিন ও সাপ্তাহিক ছুটির কারণে একদিন বন্ধ থাকবে বন্দর। তিনি বলেন, “প্রধানমন্ত্রী শেখ হাসিনার ত্রিপুরার আগরতলা সফরে নিরাপত্তাজনিত কারণে ৯ থেকে ১১ জানুয়ারি ব্যবসায়িক কার্যক্রম বন্ধ থাকবে বলে সেখানকার (আগরতলার) ব্যবসায়ীরা চিঠি দিয়ে জানিয়েছেন।” ১১ জানুয়ারি দুপুরে প্রধানমন্ত্রীর ত্রিপুরা সফরে যাওয়ার কথা রয়েছে বলে জানান তার প্রেসসচিব আবুল কালাম আজাদ। ফিরবেন ১২ জানুয়ারি বিকালে। এছাড়া ১২ জানুয়ারি আখাউড়া পৌরসভার মেয়র পদে উপ-নির্বাচন এবং পরদিন শুক্রবার সাপ্তাহিক ছুটি হওয়ায় ওই দুইদিনও বন্দরে আমদানি-রপ্তানি হবে না বলে জানান তিনি। তবে ১৪ জানুয়ারি থেকে যথারীতি আমদানি-রপ্তানি চলবে বলে জানান মনির। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/কিউএইচ/১৪২৫ ঘ.