২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

বিসিএসের নম্বরপত্র পেতে ফি, পরীক্ষার্থীদের ক্ষোভ

বিসিএস লিখিত পরীক্ষার নম্বরপত্র পেতে এক হাজার টাকা ফি নির্ধারণ করায় ক্ষোভ প্রকাশ করেছে পরীক্ষার্থীরা। পাবলিক সার্ভিস কমিশন (পিএসসি) এক নির্দেশনায় বলেছে, নম্বরপত্র সংগ্রহ না করে কেউ ফল পুনর্নিরীক্ষণের আবেদন করতে পারবে না।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 09 Jan 2012, 08:02 AM

Updated : 24 Aug 2022, 10:32 AM

শহীদুল ইসলাম বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম প্রতিবেদক ঢাকা, জানুয়ারি ০৯ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- বিসিএস লিখিত পরীক্ষার নম্বরপত্র পেতে এক হাজার টাকা ফি নির্ধারণ করায় ক্ষোভ প্রকাশ করেছে পরীক্ষার্থীরা। পাবলিক সার্ভিস কমিশন (পিএসসি) এক নির্দেশনায় বলেছে, নম্বরপত্র সংগ্রহ না করে কেউ ফল পুনর্নিরীক্ষণের আবেদন করতে পারবে না। ৩০তম বিসিএসের লিখিত পরীক্ষায় অংশ নেওয়া প্রার্থীদের জন্য গত ৪ জানুয়ারি এ নিদের্শনা জারি করে পিএসসি। এতে ক্ষোভ প্রকাশ করে পরীক্ষার্থীরা ফি কমানোর দাবি জানিয়েছেন। এ বিষয়ে পিএসির চেয়ারম্যান এ টি এম আহমেদুল হক সোমবার বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “এটা সরকারের নির্ধারণ করা টাকা। সরকার ফি কমিয়ে দিলে তাতে আমার কোনো আপত্তি থাকবে না।” অর্থ মন্ত্রণালয়, সংস্থাপন মন্ত্রণালয় এবং পিএসসি মিলে নম্বরপত্র উত্তোলনের এই ফি নির্ধারণ করেছে বলে বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান কমিশনের পরীক্ষা নিয়ন্ত্রক (ক্যাডার) আ ই ম নেছার উদ্দিন। এক হাজার টাকা ফি নিয়ে পরীক্ষার্থীদের আপত্তি প্রসঙ্গে তিনি বলেন, “আমার কাছে এটা (ফি) রিজনেবল বলেই মনে হচ্ছে।” পিএসসির নির্দেশনায় বলা হয়েছে, লিখিত পরীক্ষার নম্বরপত্র পেতে পরীক্ষার্থীদের নির্ধারিত আবেদনপত্রের ছক পূরণ করে পিএসসির সচিব বরাবর এক হাজার টাকার ট্রেজারি চালানের মূল কপিসহ জমা দিতে হবে।” এই আবেদন করা যাবে ৮ থেকে ১৯ জানুয়ারি পর্যন্ত। ১৯ জানুয়ারির পর উত্তরপত্র পুনর্নিরীক্ষণের জন্য বিজ্ঞপ্তি দেওয়া হবে। কোনো পরীক্ষার্থী কমিশন থেকে নম্বরপত্র না নিলে উত্তরপত্র পনর্নিরীক্ষণের আবেদন করতে পারবেন না। ৩০তম বিসিএসে অংশ নেওয়া শরীফুল হক বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, তিনি লিখিত পরীক্ষায় অংশ নিলেও উত্তীর্ণ হতে পারেননি। কোন বিষয়ে খারাপ করেছেন তা জানতে নম্বরপত্র উঠাতে চান। “নম্বরপত্র দেখে পরবর্তী পরীক্ষার জন্য প্রস্তুতি নিতে চাই। কিন্তু এক হাজার টাকা দিয়ে এই নম্বরপত্র তুলতে হবে, যা পরবর্তীতে কোথাও কোনো কাজে লাগবে না,” ক্ষোভের সঙ্গে বলেন তিনি। আরেক পরীক্ষার্থী ওমর ফারুক নম্বরপত্র উত্তোলনের ফি কমানের দাবি জানিয়ে বলেন, লিখিত পরীক্ষার নম্বরপত্র বিতরণের সিধান্ত অবশ্যই ইতিবাচক। তবে এর ফি হওয়া উচিৎ দুইশ টাকার মধ্যে। “পিএসসির অন্যান্য ফলের মতো ওয়েবসাইটে নম্বরপত্র প্রকাশ করলে পরীক্ষার্থীরা বিনামূল্যে তা সংগ্রহ করতে পারতেন,” যোগ করেন তিনি। ২০১০ সালের অগাস্ট থেকে বিসিএসের নম্বরপত্র বিতরণের উদ্যোগ নেয় পিএসসি। ২৮তম বিসিএসের নম্বরপত্র বিতরণের মধ্য দিয়ে এ কার্যক্রম শুরু হয়। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসআই/জেকে/১২৪০ ঘ.