ঢাকা, জানুয়ারি ০৯ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)-রাজধানীর খিলগাঁও এলাকায় ছুরিকাঘাতে এক কলেজ ছাত্র আহত হয়েছেন।
আহত হেমায়েত হোসেন (১৮) খিলগাঁও আইডিয়েল স্কুল অ্যান্ড কলেজের বানিজ্য প্রথম বর্ষের ছাত্র।
তার ভগ্নিপতি গিয়াস উদ্দিন বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, হেমায়েতের কলেজ থেকে গাজীপুর বনভোজনের যাওয়ার জন্য কথা ছিল। এজন্য হেমায়েতসহ কলেজের অন্যান্য ছাত্ররা সোমবার ভোরে নতুনবাগ লোহার গেটের কাছে জড়ো হচ্ছিল।
তিনি বলেন, “সকাল সাড়ে ৬ টার দিকে স্থানীয় বিল্লাল সানি নামে এক যুবক হেমায়েতকে এলোপাতাড়ি কুপিয়ে পালিয়ে যায়। সানি ওই কলেজের ছাত্র ছিল না। তবে হেমায়েতের সঙ্গে চলতো।”
কেন এ ঘটনা ঘটে তা তিনি বলতে পারেননি।
গিয়াস উদ্দিন আহত হেমায়েতকে সকাল ৮টার দিকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে আসেন।
ঢামেক ফাঁড়ির উপপরিদর্শক (এসআই) মোজাম্মেল হক বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, হেমায়েতের শরীরের ছুরির কয়েকটি আঘাতের চিহ্ন রয়েছে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/কেটি/এসইউ/১১৫৪ ঘ.
bdnews24