মামুনুর রশীদ
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম প্রতিবেদক
ঢাকা, জানুয়ারি ০৮ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- সাজাপ্রাপ্ত কিংবা বিভিন্ন অপরাধে অভিযুক্ত বিচারাধীন শিশুদের সুষ্ঠু পরিচর্যা, ও মানসিক উন্নয়নে ‘উন্নয়ন কেন্দ্রে’ পাঠানো হলেও তারা সেখানে ভালো নেই বলে অভিযোগ উঠেছে।
উন্নয়ন কেন্দ্রগুলোতে শিশুদের ওপর শারীরিক ও মানসিক নির্যাতনের অভিযোগও এনেছেন অভিভাবকরা।
রোববার টঙ্গী কিশোর উন্নয়ন কেন্দ্রে কথা হয় ১১ বছর বয়সী এক শিশুর অভিভাবকের সঙ্গে।
তিনি বলেন, ছয় মাস আগে পুলিশের সঙ্গে ‘বেয়াদবির’ অভিযোগে বরিশাল থেকে তার ভাস্তেকে আটক করা হয়। পরে তাকে এখানে পাঠানো হয়।
নাম প্রকাশ না করার শর্তে তিনি বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “পোলায় মাইরের উপরেই আছে। প্রথমে মারছে পুলিশ, তারপর মারছে এ্যারা। টানায়া মারছে। ডরে পোলায় সব কইতেও পারে না।”
অপেক্ষাকৃত বেশি বয়সী কিশোররাও অন্যদের মারধর করে বলে অভিযোগ করেন তিনি।
কেন্দ্রের খাবারের মান প্রসঙ্গে এই অভিভাবক বলেন, “কিছু বললেই গালাগাল করা হয়। ভালোভাবে খাবারও দেওয়া হয় না।”
১৩ বছরের আরেক শিশুর মা বলেন, “পোলায় খালি কান্দে আর কয়- আম্মা তুমি আমারে এইখান থেইক্কা নিয়া যাও। এ্যারা তিন বেলা দু¹া খাইতে দেয়, আর খালি কথায় কথায় মারে। সাংবাদিক স্যারেরা আইলে সুন্দর কইর্যা বহায়া রাখে। কিছু কইতে দেয় না।”
রাজধানীর কমলাপুর এলাকা গত নভেম্বর মাসে ওই শিশুকে আটক করা হয়।
একটি বেসরকারি টেলিভিশন চ্যানেলের টঙ্গী থানা প্রতিনিধি মো. মাসুদ সরকার স¤প্রতি এই উন্নয়ন কেন্দ্রটি পরিদর্শনের অভিজ্ঞতা থেকে বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “এখানকার শোয়ার ব্যবস্থা জঘন্য। বাথরুম ও ডর্মিটরি অত্যন্ত নোংরা। অসুস্থ হলে বন্দি কিশোর ও শিশুদের ভোগান্তিতে পড়তে হয়।”
“এখানে দুইশর বেশি শিশু-কিশোরের চিকিৎসার জন্য কোনো চিকিৎক নেই,” যোগ করেন তিনি।
টঙ্গী কিশোর উন্নয়ন কেন্দ্রের তত্ত্বাবধায়ক আনোয়ারুল করিম নির্যাতনের বিষয়টি অস্বীকার করে বলেন, “নির্যাতনের কোনো সত্যতা নেই। আমাদের এখানে শিশুবিধি পুরোপুরি অনুসরণ করা হয়।”
চিকিৎসক না থাকা প্রসঙ্গে তার ভাষ্য, চিকিৎসকের কোনো পদ না থাকায় একজন অ্যাসিসটেন্ট রাখা হয়েছে। তবে পদ তৈরির জন্য মন্ত্রণালয়ে আবেদন করা হয়েছে।
এর বাইরে আর কিছু বলতে রাজি হননি তত্ত্বাবধায়ক আনোয়ারুল।
দেশে মোট তিনটি কিশোর উন্নয়ন কেন্দ্র রয়েছে- টঙ্গী, কোণাবাড়ি ও যশোরের পুলেরহাটে। এর মধ্যে যশোর এবং কোণাবড়ির বন্দি ধারণক্ষমতা ১৫০ জন করে এবং টঙ্গীরটির ধারণক্ষমতা ২০০।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমের পক্ষ থেকে সমাজকল্যাণ মন্ত্রণালয়ের নিয়ন্ত্রণাধীন টঙ্গী ও কোণাবাড়ির উন্নয়ন কেন্দ্রদুটি পরিদর্শনের অনুমতি চাওয়া হলেও অনুমতি মেলেনি।
এ সব বিষয়ে জাতীয় মানবাধিকার কমিশনের চেয়ারম্যান বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “আমি এক সময়ে বিভিন্ন সংস্থার হয়ে এসব উন্নয়ন কেন্দ্র পরিদর্শন করেছি। কিন্তু যে অবস্থা সেখানে দেখেছি সেটা চরম অগ্রহণযোগ্য এবং চূড়ান্ত অব্যবস্থাপনার নজির। এমনকি ডাইনিং হলেও এই বাচ্চাদের নিয়ে যাওয়া হয় না। খেলার মাঠে যেরকম বড় বড় ঘাস দেখেছি তাতে করে সেখানে কোনো খেলা হয় বলে মনে হয়নি। অথচ সরকার এ সবকিছুর ব্যবস্থাই এখানে রেখেছে।”
“উন্নয়ন কেন্দ্র নাম হলেও এটা কারাগারেরই নামান্তর,” মন্তব্য করেন মানবাধিকার কমিশন চেয়ারম্যান।
তিনি বলেন, অনেক গবেষকই দেখিয়েছেন এখানে শিশুরা যেভাবে বেড়ে ওঠে, ছোট ছোট অপরাধে এখানে এসে যে মানসিক নির্যাতনের শিকার হয় তাতে করে এখান থেকে বেরিয়ে এদের মধ্যে প্রতিশোধ স্পৃহা কাজ করে। ফলে আরো বড় রকমের অপরাধের সঙ্গে এরা জড়িয়ে যায়।
ইউনিসেফের শিশু সুরক্ষা কর্মকর্তা মোহাম্মদ দেলোয়ার হোসেন বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “দুর্ভাগ্যজনক হলেও সত্য, উন্নয়ন কেন্দ্রগুলোতে শিশু-কিশোররা প্রকৃত ট্রিটমেন্ট পায় না। তাই মাঝে মধ্যে এদের নিজেদের মধ্যেই রক্তক্ষয়ী সংঘর্ষের মতো ঘটনা ঘটে।”
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমএমআর/এএল/পিডি/২২২৯ ঘ.
bdnews24