২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ক্ষমা চেয়ে অব্যাহতি বিমানের চার কর্মকর্তার

নিঃশর্ত ক্ষমা প্রার্থনা করায় আদালত অবমাননার অভিযোগ থেকে দুই ক্যাপ্টেনসহ বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের চার কর্মকর্তাকে রেহাই দেওয়া হয়েছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 08 Jan 2012, 03:33 PM

Updated : 24 Aug 2022, 10:31 AM

ঢাকা, জানুয়ারি ০৮ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- নিঃশর্ত ক্ষমা প্রার্থনা করায় আদালত অবমাননার অভিযোগ থেকে দুই ক্যাপ্টেনসহ বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের চার কর্মকর্তাকে রেহাই দেওয়া হয়েছে। এরা হলেন- বিমানের ডিরেক্টর অব ফ্লাইট অপারেশন্স ক্যাপ্টেন শফিক, ক্যাপ্টেন এনামুল হক, ফার্স্ট অফিসার আবেদ ও কেবিন ক্রু শবনম কাদের। শফিক, এনাম ও আবেদ দিনভর কাঠগড়ায় দাঁড়িয়ে ছিলেন। আদালতে হাজির ছিলেন শবনমও। ভবিষতে এ ধরনের অপরাধ যেন না হয় সে ব্যাপারেও সতর্ক করেছে আদালত। হাই কোর্টের এক বিচারপতির সঙ্গে অসৌজন্যমূলক আচরণের অভিযোগে করা আদালত অবমাননার আবেদন নিষ্পত্তি করে রোববার বিচারপতি এএইচএম শামসুদ্দিন চৌধুরী ও বিচারপতি জাহাঙ্গীর হোসেনের বেঞ্চ অভিযোগ থেকে তাদের অব্যাহতির আদেশ দেয়। আদালত একইসঙ্গে ক্যাপ্টেন শফিকের বিদেশে কোনো ব্যাংক অ্যাকাউন্ট আছে কি-না তা খতিয়ে দেখতে কেন্দ্রীয় ব্যাংক গভর্নর ও দুর্নীতি দমন কমিশনের চেয়ারম্যানকে নির্দেশ দেয়। এছাড়া বিমানের নিরাপত্তাজনিত কারণ ছাড়া অন্য কোনো কারণে কারো সিট রিলোকেশন বা টিকেট আপগ্রেডেশন না করতে পাইলটের প্রতি নির্দেশ দেওয়া হয়। হাই কোর্টের দেওয়া এক রায় অনুসারে, বিমান বাংলাদেশ এয়ারলাইন্স ওয়ারেন্ট অব প্রিসিডেন্সের ১ থেকে ১৩ পর্যন্ত ক্রমের ব্যক্তিদের টিকেট সিট খালি থাকা সাপেক্ষে ইকোনোমিক ক্লাস থেকে বিজনেস ক্লাসে বদল করে থাকে। তবে এ নিয়মের লঙ্ঘন করে বিমানের পাইলটরা ফ্লাইট চলাকালে নিজেদের পরিচিত বা স্বজনদের টিকেট বদল করে বলে অভিযোগ রয়েছে। আদালতের আদেশে বলা হয়, তারা সংবিধানের মাধ্যমে সংরক্ষিত সর্বোচ্চ আদালতের মর্যাদা লঙ্ঘন করেছে। আদালতে আবেদনকারীর পক্ষে ছিলেন ব্যারিস্টার রোকন উদ্দিন মাহমুদ ও ব্যারিস্টার মোস্তাফিজুর রহমান খান। বিমানের ব্যবস্থাপনা পরিচালকের পক্ষে ছিলেন- আজমালুল হোসেন কিউসি, ক্যাপ্টেনদের পক্ষে আনিসুল হক এবং কেবিন ক্রুর পক্ষে ব্যরিস্টার মাসুদ রেজা সোবহান। রাষ্ট্রপক্ষে ডেপুটি অ্যাটর্নি জেনারেল ব্যরিস্টার এবিএম আলতাফ হোসেন এবং আদালতের আহ্বানে বক্তব্য দেন অ্যাডভোকেট তৌফিক নেওয়াজ। গত ২৮ অক্টোবর বাংলাদেশ থেকে সিঙ্গাপুর যাওয়ার সময় হাই কোর্টের এক বিচারপতি অসৌজন্যমূলক আচরণের শিকার হন বলে গত ৫ ডিসেম্বর আদালতে অভিযোগ করেন আইনজীবী রিয়াজ উদ্দিন খান। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসএন/এএইচ/পিডি/২১২৮ ঘ.