চাঁপাইনবাবগঞ্জ, জানুয়ারি ০৮ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- কোচিং সেন্টার বন্ধ ও শিক্ষা প্রতিষ্ঠানে সঠিকভাবে পাঠদানের দাবিতে মানববন্ধন ও সমাবেশ করেছে চাঁপাইনবাবগঞ্জ জেলা শিক্ষার মান উন্নয়ন আন্দোলন কমিটি।
এরপর তারা জেলা প্রশাসকের মাধ্যমে শিক্ষামন্ত্রীকে স্মারকলিপিও দেন।
রোববার সকালে চাঁপাইনবাবগঞ্জ সরকারি কলেজের সামনে আয়োজিত এ মানববন্ধনে শহরের বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থী, শিক্ষক, অভিভাবকসহ সমাজের বিভিন্ন শ্রেণি ও পেশার মানুষ অংশগ্রহণ করে।
মানববন্ধন শেষে সমাবেশে বক্তারা বলেন, অধিকাংশ শিক্ষা প্রতিষ্ঠানে শ্রেণিকক্ষে শিক্ষার্থীদের সঠিকভাবে পাঠদান না করায় শিক্ষার্থীরা কোচিং সেন্টার ও প্রাইভেটের প্রতি ঝুঁকে পড়ছে।
কোচিং সেন্টারের ছকবাঁধা শিক্ষার ফলে শিক্ষার্থীদের মেধার বিকাশ ঘটছে না বলে অভিযোগ করেন বক্তারা।
তারা আরো অভিযোগ করেন, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষকরা অতিরিক্ত অর্থের লোভে কোচিং সেন্টারের প্রতি বেশি মনযোগী হওয়ায় শিক্ষা প্রতিষ্ঠানে পাঠদানে উৎসাহ দেখাচ্ছেন না।
এসব কোচিং সেন্টার বন্ধ করে অবিলম্বে তাদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণের আহ্বান জানান শিক্ষামন্ত্রীর প্রতি।
সমাবেশে বক্তব্য রাখেন জেলা পরিষদ প্রশাসক মঈনুদ্দীন ম-ল, সদর উপজেলা পরিষদ চেয়ারম্যান রুহুল আমিন, চাঁপাইনবাবগঞ্জ সরকারি কলেজের অধ্যক্ষ সুলতানা রাজিয়া, হরিমোহন সরকারি উচ্চ বিদ্যালয়ের সাবেক প্রধানশিক্ষক অশ্বিনী কুমার সাহা প্রমুখ।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/আরআরডি/ডিডি/২০১০ ঘ.
bdnews24