বরগুনা/বাগেরহাট, জানুয়ারি ০৮ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- জলদস্যুদের হাতে অপহৃত সাত জেলেকে উদ্ধার করেছে র্যাব ও কোস্টগার্ড। এসময় দু’পক্ষের মধ্যে গোলাগুলি হয়।
রোববার দুপুরে বঙ্গোপসাগরের দরজার খাল সংলগ্ন সুন্দরবন এলাকায় এ অভিযান চালানো হয় বলে র্যাব ও কোস্টগার্ড জানায়।
উদ্ধার জেলেরা হলেন এফবি সোলায়মান ট্রলারের সুরেন গোমস্তা, রবিন গোমস্তা, মনি হাওলাদার, হরেন মিস্ত্রী, বাবুল মিয়া, সঞ্জু বেপারী ও নির্মল বৈরাগী। তাদের সবার বাড়ি পিরোজপুরের পাড়েরহাট এলাকায়।
এক সপ্তাহ আগে এফবি সোলায়মান ট্রলারে করে তারা সুন্দরবনের ডিমেরচর এলাকায় মাছ ধরতে যান। শুক্রবার রাতে তাদের অপহরণ করে জলদস্যুরা।
কোস্টগার্ড পাথরঘাটা স্টেশন কমান্ডার লেফটেন্যান্ট হারুন-অর-রশিদ বলেন, সকালে অভিযান শুরু হলে জলদস্যুরা প্রথমে গুলি করে। এরপর র্যাব ও কোস্টগার্ড পাল্টা গুলি চালায়। এক পর্যায়ে জলদস্যুরা গুলি ছুঁড়তে ছুঁড়তে বনের ভিতর চলে যায়।
অভিযান শেষে জলদস্যুদের ৫টি আস্তানা জ্বালিয়ে দেওয়া হয়েছে। সেখান থেকে জলদস্যুদের ব্যবহৃত কিছু মালামালও উদ্ধার করা হয়েছে।
অভিযানে কোস্টগার্ডের পাথরঘাটা, তালতলী ও পশ্চিম জোন এবং র্যাব-৮ সদস্যরা অংশ নেন, বলেন এই কোস্টগার্ড কমান্ডার।
র্যাব-৮ পটুয়াখালী ক্যাম্পের উপ-পরিচালক লেফটেন্যান্ট কমান্ডার মোহাম্মদ নুর-উজ-জামান সাংবাদিকদের বলেন, অভিযানে ৫০ রাউন্ড গুলি ছুঁড়েছে র্যাব ও কোস্টগার্ড।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/সিএস/এমএইচপি/ডিডি/১৯৪০ ঘ.
bdnews24