মাদারীপুর, জানুয়ারি ০৮ (বিডিনিউজি টোয়েন্টিফোর ডটকম)- প্রশাসনের সঙ্গে বৈঠক শেষে সন্ধ্যায় অনির্দিষ্টকালের পরিবহন ধর্মঘট চারদিনের জন্য স্থগিত করেছে মাদারীপুরের পরিবহন শ্রমিকরা।
রোববার সন্ধ্যায় মাদারীপুর সড়ক পরিবহন শ্রমিক ইউনিয়নের সাধারণ সম্পাদক মিজান হাওলাদার এ খবর নিশ্চিত করেন।
সড়ক দুর্ঘটনার পর র্যাব সদস্যরা এক বাস চালককে লাঠিপেটা করায় রোববার সকাল থেকে মাদারীপুরের সব রুটে অনির্দিষ্টকালের ধর্মঘট শুরু করেছিল পরিবহন শ্রমিকরা। এ কারণে সারাদিন মাদারীপুর থেকে কোনো বাস ছেড়ে যায়নি।
শ্রমিক নেতা মিজান হাওলাদার বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, দিনভর বাস ধর্মঘট শেষে শ্রমিক নেতা ও প্রশাসনের কর্মকর্তাদের এক রুদ্ধদ্বার বৈঠকে ৭২ ঘণ্টার মধ্যে এই ঘটনার সুষ্ঠু তদন্ত, মাদারীপুর র্যাব-৮ ক্যাম্পের ওই র্যাব কর্মকর্তাকে প্রত্যাহার, চালকের জামিনসহ কয়েকটি দাবি বাস্তবায়ন করার অশ্বাস দেওয়া হয়।
এর পরিপ্রেক্ষিতে সোমবার সকাল থেকে আপাতত সব রুটে বাস চালানোর সিদ্ধান্ত হয়। কিন্তু দাবি না মানলে আগামী ১৩ জানুয়ারি আবারো ধর্মঘট শুরু হবে।
জেলা প্রশাসক নূর উর রহমান সাংবাদিকদের বলেন, পুলিশ প্রশাসনসহ মালিক-শ্রমিক নেতাদের সঙ্গে বিকাল ৩টায় বৈঠক হয়।
বৈঠকে অতিরিক্ত জেলা প্রশাসক রেজাউল কবীরকে প্রধান করে এডিশনাল এসপি (সার্কেল) মো. রাসেল শেখ ও পাচ্চর হাইওয়ে পুলিশ ফাঁড়ির সার্জেন্ট মো. আসাদুল ইসলামকে সদস্য করে তদন্ত কমিটি গঠন করা হয়েছে।
আগামী ৭২ ঘণ্টার মধ্যে তদন্ত কমিটির রিপোর্টের ভিত্তিতে ব্যবস্থা গ্রহণের প্রতিশ্রুতি দেওয়ায় পরিবহন ধর্মঘট আপাতত চার দিনের জন্য স্থগিত করেছে শ্রমিকরা।
শনিবার শিবচরে সার্বিক পরিবহনের একটি বাসের চাপায় প্রথম শ্রেণী পড়–য়া এক ছাত্রী নিহত হয়। এ ঘটনায় এলাকাবাসী সড়ক অবরোধ করে কায়েকটি গাড়ি ভাংচুর করে।
পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে র্যাব সদস্যরা ঘটনাস্থলে গিয়ে ওই বাসের চালক মুজাহিদ তালুকদারকে লাঠিপেটা করে পুলিশে দেয়। এর ঘটনার প্রতিবাদে শ্রমিকরা রোববার সকাল থেকে অনির্দিষ্টকালের বাস ধর্মঘটের ডাক দেয়।
শ্রমিক নেতারা জানান, সার্বিক পরিবহন পরিচালনা করেন নৌপরিবহনমন্ত্রী শাজাহান খানের ছোট ভাই যাচ্চু খান।
শনিবারের ঘটনার বিষয়ে জানতে চাইলে মাদারীপুর র্যাব-৮ ক্যাম্পের কমান্ডার শামীম সরকার বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে গেলে তো আমাদের অনেক কিছুই করতে হতে পারে।”
বিডিনিউজি টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/ডিডি/১৯১৩ ঘ.
bdnews24