ঢাকা, জানুয়ারি ০৮ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- বাংলাদেশ সড়ক পরিবহণ কর্তৃপক্ষের (বিআরটিএ) মিরপুর কার্যালয়ে দুজন দালালকে হাতেনাতে ধরে কর্তব্যরত ম্যাজিস্ট্রেটের কাছে হস্তান্তর করেছেন যোগাযোগমন্ত্রী ওবায়দুল কাদের।
রোববার দুপুরে বিআরটিএ’র মিরপুর কার্যালয়ে মন্ত্রীর আকষ্মিক সফরের সময় এ ঘটনা ঘটে।
দুই জন দালালের বিরুদ্ধে অর্থের বিনিময়ে অন্যের লাইসেন্স তৈরির অভিযোগ আনা হয়।
ওবায়দুল কাদের এ সময় গাড়ির ট্যাক্স-টোকেন প্রদান শাখা, ফিটনেস শাখা, প্রশাসনিক শাখাসহ বিআরটিএ’র সেবাপ্রদানের বিভিন্ন শাখা ঘুরে দেখেন এবং সেবা গ্রহীতাদের সঙ্গে কথা বলেন।
বিআরটিএর ৩নং শেডে গাড়ির ফিটনেসের জন্য ব্যাংকে অর্থ জমা দেওয়ার লাইন দীর্ঘ দেখে সেবা গ্রহীতাদের পরামর্শ অনুয়ায়ী দুটি কাউন্টার বাড়ানোর নির্দেশ দেন মন্ত্রী।
যোগাযোগ মন্ত্রনালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
বিআরটিএ’র চেয়ারম্যান আইয়ুবুর রহমান খান এসময় জানান, আগামী কাল হতে দুটি বাড়তি কাউন্টার চালু হবে। এছাড়া মন্ত্রী ফিটনেস সার্টিফিকেট এবং লাইসেন্স প্রদান প্রক্রিয়া আরও দ্রুততর ও সহজতর করার নির্দেশ দেন।
গত ৫ ডিসেম্বর মন্ত্রী হিসেবে দায়িত্ব গ্রহণের এক মাসে এটি মন্ত্রীর দ্বিতীয় আকস্মিক সফর।
আগের আকস্মিক সফরে বিআরটিএকে মন্ত্রীর দেওয়া নির্দেশনার বেশিরভাগ বাস্তবায়িত হওয়ায় সন্তোষ প্রকাশ করেন ওবায়দুল কাদের।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসএইচএ/পিডি/১৮২৩ ঘ.
bdnews24