ঝালকাঠী, জানুয়ারি ০৮ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- ঝালকাঠীর রাজাপুর উপজেলায় সোডা ভেবে কীটনাশক খেয়ে এক গৃহবধূর মৃত্যু হয়েছে।
মৃত পারুল বেগম (৪২) উপজেলার পালট গ্রামের ইউছুফ হোসেনের স্ত্রী।
পারুলের বড় মেয়ে ফাতেমা (২৫) বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, তাদের মা অনেকদিন ধরে পেটের ব্যথায় ভুগছিলেন। ব্যথা কমানোর জন্য প্রায়ই তিনি সোডা খেতেন।
সকাল ৮টার দিকে ব্যথা শুরু হলে তার ছোট বোন বৈশাখী (৬) খাবার সোডা ভেবে ইঁদুরের বিষের কৌটা এনে দেয়। ঘরের একই জায়গায় সোডা আর ইঁদুরের বিষ রাখা ছিল।
তা খেয়ে পারুল বেগম আসুস্থ হয়ে পড়েন, বলেন ফাতেমা।
রাজাপুর স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক চিকিৎসা কর্মকর্তা আবুল খায়ের রাসেল বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, দুপুর ১১টা ৩৫ মিনিটে গুরুতর অসুস্থ অবস্থায় পারুল বেগমকে ভর্তি করা হয়। চিকিৎসা দেওয়ার আগেই বিষক্রিয়ায় তার মৃতু হয়েছে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এমএইচপি/ডিডি/১৮১১ ঘ.
bdnews24