চট্টগ্রাম, জানুয়ারি ০৮ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- চট্টগ্রামে শারীরিক নির্যাতনের অভিযোগে মায়ের করা মামলায় মাদকাসক্ত ছেলের গ্রেপ্তারে পরোয়ানা জারি করেছে আদালত।
রোববার দুপুরে চট্টগ্রাম মহানগর হাকিম মাহাবুবুর রহমানের আদালতে সীতাকুণ্ড উপজেলার মধ্যম ছলিমপুরের মৃত শফর আলীর স্ত্রী জোসনা আরা বেগম (৪২) মামলাটি করেন।
জোসনা আরা বর্তমানে পূর্ব নাসিরাবাদ সোবহান মিয়ার কলোনিতে বসবাস করেন।
মহানগর হাকিম অভিযোগটি আমলে নিয়ে মাদকাসক্ত ছেলে নূর আলম ওরফে কালু’র (১৯) বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেন।
আদালতের বেঞ্চ সহকারী বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, আগামি ২২ মার্চ মামলার পরবর্তী শুনানির দিন ঠিক হয়েছে।
মামলার এজাহারে মা জোসনা বেগম বলেন, তার ছেলে নূর আলম খারাপ ছেলেদের সঙ্গে মিশে নিয়মিত হেরোইন, গাঁজা, ফেনসিডিল সেবন করত এবং প্রায়ই নেশার টাকা যোগাড়ের জন্য চুরিসহ বিভিন্ন অপরাধমূলক কাজ করত।
এ বছরের ৫ জানুয়ারি আলম নেশা করার জন্য তার মায়ের কাছ থেকে টাকা দাবি করে। তা না দেওয়ায় মাকে শারীরিকভাবে নির্যাতন এবং হত্যার উদ্দেশ্যে কণ্ঠনালী চেপে ধরে বলে মামলায় অভিযোগ করা হয়।
এতে বলা হয়, আলম একপর্যায়ে ঘরের আলমারি থেকে নগদ পাঁচ হাজার টাকা নিয়ে যায় এবং আরও টাকা দাবি করে। টাকা না দিলে মেরে ফেলার হুমকিও দেয়।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমসি/আরএম/পিডি/১৭৪৯ ঘ.
bdnews24