চট্টগ্রাম, জানুয়ারি ০৮ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- যৌতুকের দাবিতে স্ত্রীকে শ্বাসরোধ করে হত্যার দায়ে কাইয়ুম শেখ নামে এক ব্যক্তিকে মৃত্যুদণ্ড দিয়েছে চট্টগ্রামের একটি আদালত।
রোববার দুপুরে নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল-১ এর বিচারক মো. রেজাউল করিম আসামির উপস্থিতিতে এ রায় দেন।
একইসঙ্গে আসামিকে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়েছে।
দণ্ডিত কাইয়ুম শেখ (৪০) পিরোজপুর জেলার কালাখালী গ্রামের ওয়ারেশ শেখের ছেলে। তাদের পরিবার নগরীর চান্দগাঁও থানার রেয়াজ উকিল সড়কে বাসা ভাড়া নিয়ে থাকেন।
রাষ্ট্রপক্ষের আইনজীবী বিশেষ পাবলিক প্রসিকিউটর (পিপি) চন্দন কুমার তালুকদার বিডিনিউজ টোয়েন্টিফোর ডকমকে বলেন, যৌতুকের দাবিতে স্ত্রী তাজরিন বেগমকে শ্বাসরোধ করে হত্যার অভিযোগ সুষ্পষ্টভাবে প্রমাণিত হওয়ায় বিচারক ১০ সাক্ষীর সাক্ষ্য শেষে এ রায় দিয়েছেন।
মামলার এজাহার থেকে জানা যায়, ২০০৪ সালের ৮ এপ্রিল চান্দগাঁও এলাকার বাসায় যৌতুকের দাবিতে তাজরিনকে মারধর করে কাইয়ুম শেখ। এক পর্যায়ে স্ত্রীকে শ্বাসরোধ করে হত্যা করেন তিনি।
নিহতের চাচা বেলায়েত সর্দ্দার চান্দগাঁও থানায় মামলাটি করেন। পরে কাইয়ুমকে গ্রেপ্তার করে পুলিশ।
২০০৪ সালের ১৩ জুলাই কাইয়ুমকে অভিযুক্ত করে আদালতে অভিযোগপত্র জমা দেওয়া হয়। পরের বছরের ১৯ মার্চ তার বিরুদ্ধে অভিযোগ গঠন করা হয়।
মামলায় রাষ্ট্রপক্ষকে সহযোগিতা করেন অ্যাডভোকেট কংকন কুমার দেব।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমসি/আরএ/১৭১১ ঘ.
bdnews24