গাজীপুর, জানুয়ারি ০৮ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- গাজীপুর সদরে রাস্তা পার হওয়ার সময় বাস চাপা পড়ে তিন জন নিহত হয়েছেন। আহত হয়েছেন আরো চারজন। এ ঘটনায় বিক্ষুব্ধ জনতা প্রায় এক ঘণ্টা সড়ক অবরোধ করে অর্ধ শতাধিক গাড়ি ভাংচুর করে।
জয়দেবপুর থানার উপ পরিদর্শক হাবিবুর রহমান বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, রোববার সকাল সাড়ে ৭টার দিকে ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের বড়বাড়ি এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহতদের মধ্যে দুজনের পরিচয় জানা গেছে। এরা হলেন- জাহাঙ্গীর (৩০) ও আতাউর (৩৫)। আহতদের মধ্যে খোকন (৪৫) ও রোকসানা (২০) নামের দুজনকে টঙ্গী সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে। আরো দুজনকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।
উপ পরিদর্শক হাবিব বলেন, “তারা একপাশের রাস্তা অতিক্রম করে অন্য পারে যাওয়ার জন্য মাঝখানের ডিভাইডারের পাশে দাঁড়িয়ে ছিলেন। এমন সময় গাজীপুর থেকে ঢাকা-গামী দ্রুতগতির একটি বাস অন্য যানবাহনকে পাশ কাটাতে গিয়ে তাদের চাপা দেয়। এতে ঘটনাস্থলেই অজ্ঞাত পরিচয় এক যুবকের মৃত্যু হয়।”
গুরুতর আহত অবস্থায় ছয় জনকে টঙ্গী সদর হাসপাতালে নেওয়া হলে সেখানে মারা যান জাহাঙ্গীর ও আতাউর। ওই হাসপাতাল থেকে পরে দুজনকে ঢাকা মেডিকেলে পাঠানো হয়।
এদিকে ঘটনার পরপরই উত্তেজিত জনত বাসটি আটক করে তাতে আগুন দেয়। তবে চালক পালিয়ে যায়। বিক্ষুব্ধরা প্রায় এক ঘণ্টা সড়ক বন্ধ করে রেখে অর্ধশতাধিক যানবাহন ভাংচুর করে।
উপ পরিদর্শক হাবিব জানান, পুলিশের হস্তক্ষেপে পরিস্থিতি শান্ত হলে পৌনে ৯টার দিকে ঢাকা-ময়মনসিংহ সড়কে আবার যান চলাচল শুরু হয়।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/জেকে/১০৫২ ঘ.
bdnews24