২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

সুস্থ জাতি গঠনে কাজ করছি: প্রধানমন্ত্রী

দেশে ২০তম পোলিও টিকা দিবসের কর্মসূচি উদ্বোধন করে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, তার সরকার ভবিষ্যতের সুস্থ প্রজন্মের জন্য কাজ করে যাচ্ছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 07 Jan 2012, 04:54 PM

Updated : 24 Aug 2022, 10:31 AM

ঢাকা, জানুয়ারি ০৭ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- দেশে ২০তম পোলিও টিকা দিবসের কর্মসূচি উদ্বোধন করে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, তার সরকার ভবিষ্যতের সুস্থ প্রজন্মের জন্য কাজ করে যাচ্ছে। শনিবার সকালে গণভবনে পাঁচ বছরের কম বয়সি কয়েকটি শিশুকে পোলিও টিকা ও ভিটামিন ই ক্যাপসুল খাইয়ে কর্মসূচির প্রথম পর্যায় উদ্বোধন করেন তিনি। স্বাস্থ্যকর্মী ও স্বেচ্ছাসেবক দলের সদস্যরা শনিবার দেশব্যাপী বিভিন্ন স্বাস্থ্য কেন্দ্র, বিদ্যালয় এবং বাস টার্মিনাল ও রেল স্টেশনসহ যাত্রী চলাচল এলাকাসহ মোট ১ লাখ ৪০ হাজার কেন্দ্রের মাধ্যমে নবজাতক থেকে পাঁচ বছরের ২ কোটি ৪০ লাখ শিশুকে পোলিও টিকা খাওয়ান। এই কর্মসূচির দ্বিতীয় দফা হবে আগামী ১১ ফেব্র“য়ারি শুরু হবে। তখন টিকার সঙ্গে একটি করে কৃমিনাশক ট্যাবলেটও খাওয়ানো হবে। টিকা দিবসের অনুষ্ঠান উদ্বোধন করে প্রধানমন্ত্রী বলেন, “সরকার ভবিষ্যৎ বংশোধরদের জন্য একটি সুস্থ জাতি গঠনে নিরলসভাবে কাজ করে যাচ্ছে। দেশের সংবিধানে সব নাগরিকের স্বাস্থ্যসেবা নিশ্চিত করার কথা বলা হয়েছে। এ লক্ষ্য বাস্তবায়নে আমরা জনগণের দোরগোড়ায় স্বাস্থ্যসেবা পৌঁছে দিতে অব্যাহতভাবে কাজ করে যাচ্ছি।” স্বাস্থ্য খাতে বর্তমান সরকারের নেওয়া বিভিন্ন পদক্ষেপ তুলে ধরে তিনি বলেন, বর্তমান সরকার ১১ হাজার কমিউনিটি ক্লিনিক পুনরায় চালু করেছে। এসব ক্লিনিক বিএনপি-জামায়াত জোট সরকার বন্ধ করে দিয়েছিল। “বর্তমান সরকারের ডিজিটাল বাংলাদেশ গঠনের রূপকল্প বাস্তবায়নে মোবাইল ফোন এবং টেলিমেডিসিন পদ্ধতির মাধ্যমেও স্বাস্থ্যসেবা প্রদান করা হচ্ছে,” বলেন শেখ হাসিনা। তিনি বলেন, ১৯৯৬-২০০১ মেয়াদে আওয়ামী লীগের আগের সরকার টিকা কর্মসূচি নিয়ে দেশকে পোলিওমুক্ত করলেও বিএনপি-জামায়াত জোট সরকার তা বন্ধ করে দেওয়ায় পোলিওতে আক্রান্ত হওয়ার কয়েকটি ঘটনা ধরা পড়ে। প্রধানমন্ত্রী সব শিশুকে পোলিও টিকা খাওয়ানোর জন্য অভিভাবক, জনপ্রতিনিধি ও স্থানীয় রাজনৈতিক নেতাদের প্রতি আহ্বান জানান। শিশুর পাশাপাশি মায়েদের স্বাস্থ্য পরিচর্যার প্রতি যথাযথ নজর দিতে সবার প্রতি পরামর্শ দেন তিনি। শিশু মৃত্যুর হার হ্রাসে সাফল্যের স্বীকৃতি হিসেবে বাংলাদেশের ২০১০ সালের জাতিসংঘ এমডিজি-৪ পদক লাভ করার জন্য স্বাস্থ্যকর্মীদের ধন্যবাদ জানান শেখ হাসিনা। টিকা দিবসের উদ্বোধনী অনুষ্ঠানে স্বাস্থ্যমন্ত্রী আ ফ ম রুহুল হক, প্রধানমন্ত্রীর স্বাস্থ্য উপদেষ্টা অধ্যাপক সৈয়দ মোদাচ্ছের আলী, স্বাস্থ্য প্রতিমন্ত্রী মজিবুর রহমান ফকির, স্বাস্থ্যসচিব হুমায়ুন কবির বক্তৃতা করেন। পরে প্রধানমন্ত্রী গণভবনের লন থেকে বেলুন উড়িয়ে আনুষ্ঠানিকভাবে দিবসটি উদ্বোধন করেন। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এমআই/২২৪৭ ঘ.