২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

মেঘনা ও মেঘনা-গোমতীতে আবার ফেরি সার্ভিস

ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে মেঘনা-গোমতী ও মেঘনা নদীতে এক মাসের মধ্যে আবার ফেরি সার্ভিস চালু হচ্ছে বলে জানিয়েছেন যোগাযোগমন্ত্রী ওবায়দুল কাদের।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 07 Jan 2012, 04:33 PM

Updated : 24 Aug 2022, 10:31 AM

নারায়ণগঞ্জ, জানুয়ারি ০৭ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে মেঘনা-গোমতী ও মেঘনা নদীতে এক মাসের মধ্যে আবার ফেরি সার্ভিস চালু হচ্ছে বলে জানিয়েছেন যোগাযোগমন্ত্রী ওবায়দুল কাদের। শনিবার দুপুরে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে কাঁচপুর, মেঘনা ও মেঘনা-গোমতী (দাউদকান্দি) সেতু এবং মেঘনা ও মেঘনা-গোমতী নদীতে ফেরি সার্ভিস চালুর ব্যাপারে কাজের অগ্রগতি পরিদর্শনে গিয়ে তিনি এ কথা বলেন। যোগাযোগমন্ত্রী বলেন, ঝুঁকিপূর্ণ অধিক ওজনের যানবাহন ফেরি দিয়ে পার করা হবে। তবে হাল্কা যানবাহন আগের মতোই সেতু দিয়ে চলবে। মেঘনা ও মেঘনা-গোমতীর ওপর সেতু নির্মাণের আগেও এখানে ফেরি সার্ভিস চালু ছিল। পরিদর্শনকালে ঢাকা-নারায়ণগঞ্জ সংযোগ সড়কের দুই কিলোমিটার অংশের মেরামত কাজ শনিবারই শুরুর নির্দেশ দেন তিনি। নারায়ণগঞ্জের নেজারত ডেপুটি কালেক্টর মো. মামুনুর রশিদ বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, জেলা শহরের প্রবেশ পথ ঢাকা-নারায়ণগঞ্জ সংযোগ-সড়কের বেহাল অবস্থা দেখে অসন্তোষ প্রকাশ করেন মন্ত্রী। জেলা প্রশাসক মনোজ কান্তি বড়াল বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে রাত ৮টায় বলেন, “শিবু মার্কেট থেকে চাষাড়া পর্যন্ত দুই কিলোমিটার রাস্তা মেরামতে পাথর বালি আজ (শনিবার) আনা হয়েছে।” সরেজমিনে দেখা যায় ওই এলাকায় একটি স্থানে কিছু বালু মিশ্রিত পাথর রাখা হয়েছে। এগুলো বিকালে আনা হয়েছে বলে জানিয়েছেন স্থানীয় জসিম উদ্দিন নামের একজন। এ ব্যাপারে বিস্তারিত জানার জন্য সড়ক ও জনপদ অধিদপ্তরের নারায়ণগঞ্জের প্রকৌশলী তুষার কান্তি সাহার সঙ্গে যোগাযোগের চেষ্টা করে পাওয়া যায়নি। পরিদর্শনকালে মন্ত্রীর সঙ্গে ছিলেন স্থানীয় সংসদ সদস্য গোলাম দস্তগীর গাজী, আব্দুল্লাহ আল কায়সার, সানজিদা খানম ও প্রশাসনের কর্মকর্তারা। মেঘনা টোল প্লাজায় ওজন মাপার যন্ত্রটি বিকল থাকায় ক্ষোভ প্রকাশ করে মন্ত্রী বলেন, “টাকা খাওয়ার জন্য যন্ত্রটি বিকল করে ফেলে রাখা হয়েছে।” যন্ত্রটি ১৫ দিনের মধ্যে সচল করার নির্দেশ দেন ওবায়দুল কাদের। এছাড়া এই সড়কের দু’পাশের সব অবৈধ স্থাপনা আগামী তিন দিনের মধ্যে সরিয়ে নেওয়ার নির্দেশ দিতে বলেন। অন্যথায় আইনানুগ ব্যবস্থা নিতে বলেন তিনি। ঢাকায় ঢুকতে এবং বের হতে দুইঘণ্টা সময় লাগে উল্লেখ করে মন্ত্রী বলেন, আমি রাতারাতি সব পরিবর্তন করে ফেলতে পারবো না। তবে এক বছরের মধ্যে রেজাল্ট পাবেন, বলেন মন্ত্রী। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এমএইচপি/ডিডি/২২২৯ ঘ.