মুন্সীগঞ্জ, জানুয়ারি ০৭ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- প্রাচীন বিক্রমপুর অঞ্চলের ইতিহাস অনুসন্ধানে মুন্সীগঞ্জে দ্বিতীয় পর্যায়ের প্রতœতাত্ত্বিক খনন শুরু হয়েছে।
তত্ত্বাবধায়ক সরকারের সাবেক প্রধান বিচারপতি হাবিবুর রহমান সদর উপজেলার রঘুরামপুর গ্রামে মাটিতে কোদালের কোপ দিয়ে এ কাজের উদ্বোধন করেন।
এ সময় হাবিবুর রহমান বলেন, মাটির নিচে বিক্রমপুর অঞ্চলের অতীত সমৃদ্ধি লুকিয়ে আছে, খননের মধ্যদিয়ে তা উদ্ভাসিত হবে।
এনিয়ে বাংলাদেশ গর্ব করবে বলে আশা ব্যক্ত করেন তিনি।
সংস্কৃতি মন্ত্রণালয়ের অর্থায়নে এবং ‘অগ্রসর বিক্রমপুর ফাউন্ডেশন’ এর ব্যবস্থাপনায় ‘ঐতিহ্য অন্বেষণ’র ব্যানারে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থীরা এ খনন কাজ চালাচ্ছেন।
গত বছর ১৪ এপ্রিল একই এলাকায় প্রথম পর্যায়ের খনন কাজ শুরু হয়, যা এখনো চলছে।
পরে হাবিবুর রহমান জ্ঞানতাপস অতীশ দীপঙ্করের স্মৃতিবিজড়িত বজ্রযোগিনী গ্রাম পরিদর্শন করেন।
এ সময় এটর্নি জেনারেল মাহবুবে আলম, আওয়ামী লীগ নেতা নুহ-উল-আলম লেনিন, সংস্কৃতি মন্ত্রণালয়ের যুগ্ম-সচিব শ্যামসুন্দর বিশ্বাস, জেলা প্রশাসক মো. আজিজুল আলম, অধ্যাপক ড. সুফি মুস্তাফিজুর রহমান, এনামুল হক চৌধুরী খসরু প্রমুখ উপস্থিত ছিলেন।
বিকালে হাবিবুর রহমান মুন্সীগঞ্জ জেলা শিল্পকলা একাডেমী মিলনায়তনে কৃতি শিক্ষার্থী ও গুণীজন সম্মাননা অনুষ্ঠানে বক্তব্য রাখেন। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ‘অগ্রসর বিক্রমপুর ফাউন্ডেশন’ মুন্সীগঞ্জ কেন্দ্রের সভাপতি জাহাঙ্গীর হাসান।
অনুষ্ঠানে অভিনেতা টেলিসামাদ ও শিক্ষক গুরুপদ দাসকে সম্মাননা এবং ১৬০ জন কৃতী শিক্ষার্থীকে সংবর্ধনা দেওয়া হয়।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/সিএস/ডিডি/২১১৫ ঘ.
bdnews24