ঝালকাঠী, জানুয়ারি ০৭ (বিডিনিউজ টোয়ন্টিফোর ডটকম)- ঝালকাঠীতে এক ভুয়া চিকিৎসকের ক্লিনিক বন্ধের নির্দেশ দিয়েছেন সিভিল সর্জন।
শনিবার দুপুরে রাজাপুর উপজেলার পুটিয়াখালী মীরেরহাট বাজারের নামবিহীন এই ক্লিনিকটি সরেজমিন পরিদর্শন করে তিনি এই নির্দেশ দেন।
ঝলকাঠীর সিভিল সার্জন মুহম্মদ আসাদউজ্জামান বিডিনিউজ টোয়ন্টিফোর ডটকম বলেন, ভুয়া চিকিৎসক আব্দুল কাদের দীর্ঘদিন ধরে নামবিহীন ওই ক্লিনিক চালিয়ে আসছেন। ক্লিনিক পরির্দশনকালে সেখানে চিকিৎসার কোনো যন্ত্রপাতি পাওয়া যায়নি।
কাদের নিজেকে এসএমএফ, পিসি, ইসিসহ বিভিন্ন ডিগ্রিধারী বলে দাবি করে থাকেন।
ওই হাতুড়ে চিকিৎসকের নামের সঙ্গে উল্লেখিত ডজন খানেক ডিগ্রিরও কোনো সত্যতা পাওয়া যায়নি বলে জানান সিভিল সার্জন।
“এ কারণে ২৪ ঘণ্টার মধ্যে ক্লিনিকটি বন্ধ করে দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে”, বলেন আসাদউজ্জামান।
কাদেরের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়ার জন্য স্থানীয় উপজেলা নির্বাহী কর্মকর্তা ও উপজেলা স্বাস্থ্য কর্মকর্তাকে বলা হয়েছে বলে জানান তিনি।
রাজাপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লে¬ক্সের চিকিৎসক আবুল খায়ের রাসেল বিডিনিউজ টোয়ন্টিফোর ডটকমকে বলেন, “৪/৫ বছর ধরে ওই ভুয়া ডাক্তার পক্ষাঘাত, বাত ব্যাথাসহ বিভিন্ন রোগের অপচিকিৎসা করে আসছে।”
ক্লিনিকটির মালিক আব্দুল কাদের তার ডিগ্রিগুলো অসত্য স্বীকার করে সাংবাদিকদের বলেন, “৪০ বছর ধরে সব ধরনের সাধারণ রোগের চিকিৎসা করে আসছি।”
তবে গুরুতর অসুস্থ রোগীদের উন্নত চিকিৎসা নেওয়ার পরামর্শ দেন বলে দাবি করেন তিনি ।
এরশাদ সরকারের আমলে নেওয়া তার একটি পল্ল¬ী চিকিৎসকের সার্টিফিকেটসহ আরো বিভিন্ন ডিগ্রির সনদ রয়েছে বলে দাবিও করেন তিনি ।
বিডিনিউজ নিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এমএইচপি/ডিডি/২০৫৭ ঘ.
bdnews24