চট্টগ্রাম, জানুয়ারি ০৭ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- চট্টগ্রামের ৪০টি আন্তঃজেলা রুটে ১০ জানুয়ারি থেকে সরকার নির্ধারিত বর্ধিত হারে ভাড়া নেওয়া হবে বলে জানিয়েছেন বাস মালিকরা।
শনিবার দুপুরে চট্টগ্রাম প্রেসক্লাবে সংবাদ সম্মেলনে এ কথা জানানো হয়। নতুন হারে বাসে প্রতি কিলোমিটারের জন্য ভাড়া দিতে হবে ১ টাকা ৩৫ পয়সা। আগে তা ছিল ১ টাকা ২০ পয়সা।
জ্বালানি তেলের দাম বাড়ানোর পর গত ৩১ ডিসেম্বর দূরপাল্লার ও আন্তঃজেলা বাসের ভাড়া প্রতি কিলোমিটারে ১৫ পয়সা করে বাড়ানোর সিদ্ধান্ত হয়।
তবে সরকারি গেজেট হাতে না পাওয়া এবং নিজেদের মধ্যে বৈঠক না করতে পারায় এতদিন পুরনো হারেই ভাড়া নেওয়া হচ্ছিল বলে চট্টগ্রাম জেলা সড়ক পরিবহন মালিক গ্র“পের সভাপতি কফিল উদ্দিন জানিয়েছেন।
সংবাদ সম্মেলনে চট্টগ্রাম জেলা সড়ক পরিবহন মালিক গ্র“পের মহাসচিব মনজুরুল আলম বলেন, আগামী ১০ জানুয়ারি থেকে সরকার নির্ধারিত বর্ধিত হারে ভাড়া আদায় করা হবে।
চট্টগ্রাম জেলার ১৪টি উপজেলা, কক্সবাজার এবং তিন পার্বত্য জেলার মোট ৪০টি রুটে আন্তঃজেলা বাস চলাচল করে।
দূর পাল্লার বাস ভাড়া বাড়লেও সিএনজির দাম না বাড়ানোয় নগরীতে চলাচলরত বাসের ভাড়া বাড়ায়নি সরকার।
চট্টগ্রাম জেলা সড়ক পরিবহন মালিক গ্র“পের উপদেষ্টা আবুল কালাম আজাদ বলেন, সিএনজির দাম বাড়ানো হলে তখন সরকার নির্ধারিত হারে নগরীর বাসগুলোতেও ভাড়া আদায় করা হবে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমইউ/আরএ/২০০৩ ঘ.
bdnews24