২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

চট্টগ্রামে শেষ হল লোকসংস্কৃতি উৎসব

বাংলার মৌলিক সংস্কৃতি তুলে ধরতে চট্টগ্রামে আয়োজিত দুইদিনব্যাপী লোকসংস্কৃতি উৎসব শেষ হয়েছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 07 Jan 2012, 01:37 PM

Updated : 24 Aug 2022, 10:31 AM

চট্টগ্রাম, জানুয়ারি ০৭ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- বাংলার মৌলিক সংস্কৃতি তুলে ধরতে চট্টগ্রামে আয়োজিত দুইদিনব্যাপী লোকসংস্কৃতি উৎসব শেষ হয়েছে। নগরীর ডিসি হিল চত্বরে গবেষণাধর্মী সংগঠন সমাজ সমীক্ষা সংঘ আয়োজিত এই উৎসবের শেষ দিন ছিল শনিবার। প্রিমিয়ার বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. অনুপম সেন বলেন, “আমাদের আত্মশক্তির কেন্দ্র হলো গ্রাম সমাজ। সে সময় রাষ্ট্রের দিকে তাকিয়ে না থেকে গ্রামীণ সমাজের মানুষেরা অনেক কিছুই করেছে। যা এখন আর দেখা যায় না। এ কারণে গ্রামীণ লোকসংস্কৃতি অনেকটাই দুর্বল হয়ে পড়েছে।” দৈনিক প্রথম আলোর আবাসিক সম্পাদক আবুল মোমেন বলেন, “আরোপিত সংস্কৃতি হওয়ায় পশ্চিমা বিশ্বের অনেক দেশই তাদের নিজস্ব স্বকীয়কতা অনেকটাই হারিয়ে ফেলতে বসেছে। আমাদের সাংস্কৃতিক ঐতিহ্য অনেক সমৃদ্ধ। কোনভাবেই যেন আমরা তা হারিয়ে না ফেলি।” সভায় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন সমাজ সমীক্ষা সংঘের সভাপতি কাজী মাহমুদ ইমাম বিলু, নির্বাহী সভাপতি দেবাশীষ রায়, উপদেষ্টা আবুল কাশেম, খোরশেদ আলম সোহেল, ইসমাইল আজাদ শাকিল, রুবেল দাশ প্রিন্স। উৎসব উদযাপন পরিষদের চেয়ারম্যান প্রকৌশলী দেলোয়ার মজুমদার অনুষ্ঠানে সভাপতিত্ব করেন। আলোচনা শেষে লোক উৎসব উপলক্ষে আয়োজিত চিত্রাঙ্কন ও আঞ্চলিক গানের প্রতিযোগিতায় বিজয়ীদের মধ্যে পুরষ্কার বিতরণ করা হয়। সন্ধ্যায় অনুষ্ঠিত সাংস্কৃতিক অনুষ্ঠানে শচীন দেববর্মণের গান পরিবেশন করে রিপন মণ্ডল ও সঞ্জয় রায়। খাগড়াছড়ির গিরি নৃত্য সংগঠন আদিবাসী নৃত্য, আবদুল আলীমের ছেলে জহির আলীমের গান, রংপুরের বিশ্বনাথ মোহন্তের পরিবেশনায় ভাওয়াইয়া গান, ওডিসি ড্যান্স অ্যান্ড টেগোর ডান্স মুভমেন্টের পরিবেশনায় আঞ্চলিকনৃত্য এবং কিরণ চন্দ্র রায়ের একক সংগীত পরিবেশন হয়। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমইউ/এমসি/আরএ/১৯৩১ ঘ.