২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

‘যুদ্ধাপরাধী পুনর্বাসনকারী’ জিয়া-খালেদার বিচার দাবি

একাত্তরের যুদ্ধাপরাধীদের পুনর্বাসনের জন্য জিয়াউর রহমান ও খালেদা জিয়াকে দায়ী করে সাবেক এই দুই রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীর বিচার দাবি করেছে বঙ্গবন্ধু সাংস্কৃতিক জোট।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 07 Jan 2012, 01:16 PM

Updated : 24 Aug 2022, 10:31 AM

ঢাকা, জানুয়ারি ০৭ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- একাত্তরের যুদ্ধাপরাধীদের পুনর্বাসনের জন্য জিয়াউর রহমান ও খালেদা জিয়াকে দায়ী করে সাবেক এই দুই রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীর বিচার দাবি করেছে বঙ্গবন্ধু সাংস্কৃতিক জোট। যুদ্ধাপরাধের বিচার ত্বরান্বিত করার দাবিতে শনিবার জাতীয় প্রেসক্লাবের সামনে মানববন্ধনে এই দাবি তোলেন বঙ্গবন্ধু সাংস্কৃতিক জোটের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক অরুণ সরকার রানা। তিনি বলেন, “৭৫-এর পর চিহ্নিত যুদ্ধাপরাধী শাহ আজিজুর রহমানকে প্রধানমন্ত্রী করার মাধ্যমে যুদ্ধাপরাধীদের রাজনীতিতে পুনর্বাসিত করা হয়েছে। এরপর চারদলীয় জোট সরকার আমলে মন্ত্রিসভায় নিজামী, মুজাহিদকে স্থান দেওয়া হয়।” “এ জন্য জিয়াউর রহমান এবং খালেদা জিয়া উভয়কেই বিচারের আওতায় আনা প্রয়োজন,” বলেন রানা। খালেদার মন্ত্রিসভার সদস্য জামায়াত নেতা মতিউর রহমান নিজামী ও আলী আহসান মো. মুজাহিদ বর্তমানে যুদ্ধাপরাধের বিচারের মুখোমুখি। যুদ্ধাপরাধের অভিযোগ আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে দাখিলের প্রেক্ষাপটে জামায়াতের সাবেক আমির গোলাম আযমকে দ্রুত গ্রেপ্তারের দাবিও জানিয়েছে সরকার সমর্থক সংগঠনটি। রানা বলেন, “জনগণ গত নির্বাচনে আওয়ামী লীগকে ভোট দিয়েছে যুদ্ধাপরাধের বিচার করার জন্য। যুদ্ধাপরাধের বিচার হবেই।” বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসডব্লিউ/আরএম/এমআই/১৯০৬ ঘ.