২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

টাকা ফেরতের দাবিতে মানববন্ধন মনিপুর স্কুলে

ভর্তির সময় নেওয়ার অতিরিক্ত অর্থ ফেরত চেয়ে রাজধানীর মনিপুর উচ্চ বিদ্যালয়ের সামনে মানববন্ধন করেছে এক দল অভিভাবক ও শিক্ষার্থী।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 07 Jan 2012, 12:59 PM

Updated : 24 Aug 2022, 10:31 AM

ঢাকা, জানুয়ারি ০৭ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- ভর্তির সময় নেওয়ার অতিরিক্ত অর্থ ফেরত চেয়ে রাজধানীর মনিপুর উচ্চ বিদ্যালয়ের সামনে মানববন্ধন করেছে এক দল অভিভাবক ও শিক্ষার্থী। পুলিশ পাহারার মধ্যে শনিবার সকাল ৯টা থেকে সাড়ে ১০টা পর্যন্ত মিরপুরের মনিপুরে বিদ্যালয়টির মূল শাখার সামনে থেকে মিরপুর থানা পর্যন্ত এই কর্মসূচি চলে। এই বিদ্যালয়ে বছরে একাধিকবার শিক্ষার্থী বেতন বাড়ানো হয় অভিযোগ করে তা না বাড়ানোর দাবিও জানায় মানববন্ধনকারীরা। অতিরিক্ত অর্থ আদায় নিয়ে বিদ্যালয়টির পরিচালনা পর্ষদের সভাপতি ও স্থানীয় সংসদ সদস্য কামাল আহমেদ মজুমদারের বিরুদ্ধে এক সাংবাদিককে মারধরের অভিযোগের মধ্যেই শনিবার এই কর্মসূচি পালিত হলো। মানববন্ধনে অংশ নেওয়া অভিভাবক ইসমাইল মোল্লা বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “এই স্কুলের দুর্নীতি নিয়ে দীর্ঘদিন ধরে আন্দোলন চলে আসছে। এ বছর ভর্তিতে নির্ধারিত ফি’র চেয়ে কয়েকগুণ বেশি নিচ্ছে। এনিয়ে সবাই ক্ষুব্ধ।” মনিপুর বিদ্যালয়ে অতিরিক্ত অর্থ নেওয়ার কথা কামাল মজুমদারও স্বীকার করেছেন। তবে তিনি দাবি করেছেন, বিদ্যালয়টির সব শাখা সরকারি সহায়তা না পাওয়ায় উন্নয়নের জন্য প্রধানমন্ত্রী ও শিক্ষামন্ত্রীকে জানিয়েই অতিরিক্ত অর্থ নেওয়া হচ্ছে। তবে শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ এ ধরনের কিছু জানার কথা অস্বীকার করেছেন। বিদ্যালয়ে ভর্তির ক্ষেত্রে অতিরিক্ত অর্থ না নেওয়ার নির্দেশনাও শিক্ষা মন্ত্রণালয়ের রয়েছে। অভিভাবক ইসমাইল জানান, ভর্তি ফি কমানো, বছরে দুই বার বেতন না বাড়ানো, অডিট ফার্ম দিয়ে স্কুলের যাবতীয় হিসাব নিরীক্ষার দাবি তাদের। এ বিষয়ে প্রধানমন্ত্রী, শিক্ষামন্ত্রীর হস্তক্ষেপ কামনা করে আকবর হোসেন নামে আরেক অভিভাবক বলেন, “স্কুল কর্তৃপক্ষ উন্নয়নের নামে নিয়মবহির্ভূতভাবে লাখ লাখ টাকা নিয়ে লুটপাট করছে। অভিভাবকদের এক প্রকার জিম্মি করে ফেলেছে। শিক্ষার্থীদের কোনো সুযোগ সুবিধা নেই।” দাবি আদায়ে ভবিষ্যতে আরো কর্মসূচি পালনের ঘোষণাও দেন মানববন্ধনকারীরা। মিরপুর থানার ওসি ওয়াজেদ আলী বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, মানববন্ধন শান্তিপূর্ণভাবে পালিত হয়েছে। বিডিনিউজ টোয়েন্টিফোররডটকম/এলএইচ/আরএ/এমআই/১৮৫৫ ঘ.