ঢাকা, জানুয়ারি ০৭ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- বিএনপি ক্ষমতায় এলে ফেলানীসহ সীমান্তে সব হত্যাকাণ্ডের বিচার হবে বলে জানিয়েছেন দলটির স্থায়ী কমিটির সদস্য আ স ম হান্নান শাহ।
তবে কী প্রক্রিয়ায় ভারতীয় সীমান্ত রক্ষী বাহিনীর এই বিচার হবে, তা স্পষ্ট করেননি তিনি।
অবসরপ্রাপ্ত সেনা কর্মকর্তা হান্নান শাহ বলেন, “বর্তমান সরকারের নতজানু পররাষ্ট্র নীতি এবং ভারত তোষণ নীতির কারণেই ফেলানী হত্যার বিচার সম্ভব হচ্ছে না। ক্ষমতায় গেলে সীমান্তে সব বাংলাদেশি হত্যার বিচার করা হবে।”
শনিবার ‘ফেলানী হত্যা দিবস’ উপলক্ষে জাতীয় প্রেসক্লাবের সামনে লেবার পার্টি আয়োজিত এক মানববন্ধন কর্মসূচিতে তিনি এ কথা বলেন।
২০১০ সালের ৭ জানুয়ারি বিএসএফের গুলিতে প্রাণ হারায় কিশোরী ফেলানী। তার লাশ সীমান্তে কাঁটাতারে ঝুলছিল অনেকটা সময়।
ফেলানী হত্যার নিন্দা জানিয়ে হান্নান শাহ বলেন, “সীমান্তে বাংলাদেশি হত্যা কোনো নতুন বিষয় নয়, কিন্তু ফেলানী হত্যাকাণ্ড এসবের তুলনায় অনেক অমানবিক। আমরা এই হত্যাকাণ্ডের নিন্দা জানাই।”
মানববন্ধন কর্মসূচিতে উপস্থিত ছিলেন- বাংলাদেশ লেবার পার্টির সভাপতি মোস্তাফিজুর রহমার ইরান, ইসলামী ঐক্যজোট মহাসচিব আব্দুল লতিফ নেজামী, বিএনপির নির্বাহী কমিটির সদস্য রফিক শিকদার প্রমুখ।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসডব্লিউ/আরএম/১৮১৮ ঘ.
bdnews24