২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

আসামি গ্রেপ্তার হওয়ায় বাদিকে পিটুনি

নীলফামারীতে জমি নিয়ে বিরোধের মামলায় এক আসামিকে পুলিশ গ্রেপ্তার করায় মামলার বাদি ও তার স্ত্রীকে পিটিয়ে আহত করেছে আসামি পক্ষের লোকজন।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 06 Jan 2012, 05:31 PM

Updated : 24 Aug 2022, 10:31 AM

নীলফামারী, জানুয়ারি ০৬ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- নীলফামারীতে জমি নিয়ে বিরোধের মামলায় এক আসামিকে পুলিশ গ্রেপ্তার করায় মামলার বাদি ও তার স্ত্রীকে পিটিয়ে আহত করেছে আসামি পক্ষের লোকজন। আহতরা হলেন, সদর উপজেলার চাপড়া সড়মজানী ইউনিয়নের কম্পিউটার বাজার এলাকার মৃত জহির উদ্দিনের ছেলে সোহারাব আলী (৪০) ও তার স্ত্রী মরিয়ম বেগম (২৫)। তাদের নীলফামারী সদর হাসপাতালে ভর্তি করা হয়। বৃহস্পতিবার রাতে নীলফামারির পল্লীতে এ ঘটনা ঘটে বলে পুলিশ জানায়। নীলফামারী থানার ওসি আসাদুজ্জামান আসাদ বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, ১৫ শতক জমির মালিকানা নিয়ে একই গ্রামের বাসিন্দা লতিফের ছেলে নূর মোহাম্মদের (৪০) সঙ্গে সোহারাবের বিরোধ চলছিলো। সড়মজানী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান, গ্রামবাসী ও থানার পুলিশ কর্মকর্তাদের অনুসন্ধানে জমির মালিকানা সোহরাব আলীর প্রমাণিত হয়। কিন্তু নূর মোহাম্মদ সে তদন্ত প্রতিবেদন না মেনে জমির মালিকানা দাবি করে এবং সোহরাবকে হুমকি-ধমকি দিতে থাকে। এ ঘটনায় সোহরাব আলী ২৩ জনকে আসামি করে নীলফামারী থানায় একটি মামলা করেন। প্রাথমিক তদন্তে আসামিরা দোষী সাব্যস্ত হলে বুধবার এক আসামিকে গ্রেপ্তার করা হয়। ওসি বলেন, এতে ক্ষুব্ধ হয়ে নূর মোহাম্মদের লোকজন বৃহস্পতিবার সোহরাবের বাড়িতে গিয়ে তার পরিবারের সদস্যদের মারধর শুরু করে। এতে সোহারাব ও তার স্ত্রী গুরুতর আহত হন। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এএইচ/২৩৩১ ঘ.