২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

হাতির পায়ে পিষ্ট হয়ে কিশোরী নিহত

পঞ্চগড়ের তেঁতুলিয়ায় উপজেলার বাংলাবান্ধা ইউনিয়নের পাঠানপাড়ায় এক হাতির পায়ে পিষ্ট হয়ে রুমা আক্তার (১৫) নামে এক কিশোরী মারা গেছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 06 Jan 2012, 03:26 PM

Updated : 24 Aug 2022, 10:31 AM

পঞ্চগড়, জানুয়ারি ০৬ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- পঞ্চগড়ের তেঁতুলিয়ায় উপজেলার বাংলাবান্ধা ইউনিয়নের পাঠানপাড়ায় এক হাতির পায়ে পিষ্ট হয়ে রুমা আক্তার (১৫) নামে এক কিশোরী মারা গেছে। সে ওই গ্রামের আব্দুর রফিকের মেয়ে। এছাড়া মিশু (২৬) নামে আরেক যুবক আহত হন। এ ঘটনার পর বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) তেঁতুলিয়া কোম্পানি কমান্ডার মো. মসিউজ্জামান জানান, বন্য হাতিটিকে ধরতে ভারতের ওয়েষ্ট বেঙ্গল বন বিভাগের ২৫ জনের একটি দল বাংলাদেশে এসেছিল। কিন্তু হাতিটিকে ধরতে গেলে আরো ক্ষয়ক্ষতির আশঙ্কা থাকায় তারা ফিরে চলে যায়। ভারতীয় বন বিভাগের উদ্ধৃতি দিয়ে তিনি বলেন, উন্মত্ত ওই হাতিটিকে ধরতে গত তিন দিন ধরে বিহার, ওয়েষ্ট বেঙ্গল ও নেপালে চেষ্টা চালানো হয়েছে। প্রত্যক্ষদর্শী ও নিহত রুমার বোন রুপালী আক্তার (১৪) বলে, “সকালে আমি, রুমা ও চাচাতো ভাই রবিউল ইসলাম (১৫) বাড়ির পাশে ছাগল বাধতে যাই। কিছু দুরেই হাতিটি শুয়ে ছিল। আমরা কিছু বুঝে ওঠার আগেই হাতিটি আমাদের ওপর আক্রমণ করে বসে।” “আমি স্যান্ডেল ও ওড়না ফেলে কোনমতে দৌড়ে পালিয়ে আসি। রবিউলও পালিয়ে যায়। কিন্তু শুঁড় দিয়ে থাবা দিয়ে হাতিটি রুমাকে ধরে ফেলে। পরে তাকে আখ ক্ষেতে ছুড়ে পা দিয়ে পিষ্ট করে মেরে ফেলে।” পঞ্চগড় জেলা প্রশাসক তোফাজ্জল হোসেন মিয়া জানান, “দিনাজপুর বিভাগীয় বন কর্মকর্তা, জেলা প্রাণি সম্পদ কর্মকর্তা ও ইউএনওসহ সংশ্লিষ্টরা ঘটনাস্থলে রয়েছেন। আমরা ঢাকঢোল বাজিয়ে উন্মত্ত হাতিটিকে ভারতে পাঠিয়ে দেয়ার অনেক চেষ্ঠা করেছি। কিন্তু কোন কাজ হয়নি।” “প্রয়োজনে সারারাত ওই আখ ক্ষেত ঘিরে রাখা হবে। এজন্য গ্রামবাসীদেরও সতর্ক থাকার আহবান জানানো হয়েছে।” সুবেদার মশিউজ্জামান জানান, উপজেলা নির্বাহী কর্মকর্তার সঙ্গে ভারতীয় বন বিভাগের লোকজন আলোচনা করছেন। আনুষ্ঠানিকতা শেষে হাতিটিকে কৌশলে তাড়া করে ভারতে ফেরত পাঠানো হতে পারে। তেঁতুলিয়া বন বিটের কর্মকর্তা কামাল পাশা জানান, “লোকজনের ধাওয়া খেয়ে বন্য হাতিটি বর্তমানে পাশের ধাইজান গ্রামের একটি আখ ক্ষেতে আশ্রয় নিয়েছে। গ্রামবাসীর সহায়তায় বন বিভাগ, পুলিশ ও বিজিবির সদস্যরা আখ ক্ষেতটি ঘিরে রেখেছেন।” বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/আরআরডি/পিডি/২১২৫ ঘ.