২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

চট্টগ্রামে লোক সংস্কৃতি উৎসব শুরু

বিদেশি সংস্কৃতির আগ্রাসন থেকে দেশজ সংস্কৃতি রক্ষা ও তার বিকাশের লক্ষ্যে চট্টগ্রামে দুদিনের লোক সংস্কৃতি উৎসব শুরু হয়েছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 06 Jan 2012, 03:19 PM

Updated : 24 Aug 2022, 10:31 AM

চট্টগ্রাম, জানুয়ারি ০৬ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- বিদেশি সংস্কৃতির আগ্রাসন থেকে দেশজ সংস্কৃতি রক্ষা ও তার বিকাশের লক্ষ্যে চট্টগ্রামে দুদিনের লোক সংস্কৃতি উৎসব শুরু হয়েছে। বিকাল ৩টায় নগরীর কেন্দ্রীয় শহীদ মিনার চত্বর থেকে বাবুল জলদাস ও তার দলের ঢোল বাজানোর মধ্য দিয়ে একটি বর্ণাঢ্য শোভাযাত্রা শুরু হয়। এটি কয়েকটি সড়ক প্রদক্ষিণ শেষে ডিসি হিলে এসে শেষ হয়। এর পর সঙ্গীতজ্ঞ ড. তপন সরকার ও তার দলের পাখোয়াজ বাদন ও বেলুন উড়ানোর মধ্য দিয়ে শুক্রবার চট্টগ্রামে তৃতীয়বারের মতো এ উৎসবের আনুষ্ঠানিক উদ্বোধন হয়। গবেষণাধর্মী সংগঠন ‘সমাজ সমীক্ষা সংঘ’ এ উৎসবের আয়োজন করছে। বিকালে বন্দরনগরীর ডিসি হিল প্রাঙ্গণে উদ্বোধনী দিনের আলোচনায় কথা সাহিত্যিক সেলিনা হোসেন বলেন, “উৎসব টিকে থাকার শক্তিকে সমৃদ্ধ করে। এ ধরনের উৎসবের মধ্য দিয়ে প্রজন্ম থেকে প্রজন্মের মধ্যে জ্ঞান ও মননের মেলবন্ধন ঘটবে।” চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগের অধ্যাপক মাহবুবুল হক বলেন, “বিশ্বায়নের ফলে চট্টগ্রামের আনাচে-কানাচে ছড়িয়ে থাকা লোক সংস্কৃতি লুপ্ত হয়ে যাচ্ছে। সাংস্কৃতিক ঐতিহ্য রক্ষার মাধ্যমে তা বিশ্বে ছড়িয়ে দেওয়া অত্যন্ত গুরুত্বপূর্ণ। এটি করার মধ্য দিয়ে উন্নত দেশগুলো সাংস্কৃতিকভাবে অনেক এগিয়ে গেছে।” সমাজ সমীক্ষা সংঘের সভাপতি কাজী মাহমুদ ইমাম বিলুর সভাপতিত্বে আলোচনা সভায় অন্যদের মধ্যে লোকসংস্কৃতি উৎসব ২০১২ উদযাপন পরিষদের চেয়ারম্যান প্রকৌশলী দেলোয়ার মজুমদার, আহ্বায়ক আহমেদ খসরু ও সমাজ সমীক্ষা সংঘের নির্বাহী পরিচালক শিহাব চৌধুরী বিপ্লব বক্তব্য দেন। আলোচনা শেষে চট্টগ্রামের প্রথম নারী নাট্যকর্মী শহীদজায়া বেগম মনি ইমাম এবং গীতিকার ও সুরকার এম এন আখতারকে ড. রশিদ আল ফারুকী সম্মাননা দেওয়া হয়। আলোচনা শেষে প্রথমদিনের সাংস্কৃতিক অনুষ্ঠান শুরু হয় রবীন্দ্রনাথের বাউল আঙ্গিকের গান দিয়ে। হাছন রাজা ও শাহ আবদুল করিমের গান পরিবেশন করে সুনামগঞ্জের শিল্পী নিপা দাশ ও সোহেল রানা। মণিপুরী মৃদঙ্গ নৃত্য পরিবেশন করে সিলেটের বাংলাদেশ মণিপুরি পুংচলম ইনস্টিটিউটের শিল্পীরা। প্রেম সুন্দর বৈঞ্চব ও সুস্মিতা চৌধুরী চট্টগ্রামের আঞ্চলিক গান, ঢাকার বিশ্বজিৎ রায় রাধারমণের গান এবং কুষ্টিয়ার পাগলা বাবুল খান ও কবি বিশ্বাসের দল লালনের গান গেয়ে শোনান। উৎসব উপলক্ষে শুক্রবার লোক সংস্কৃতি ডিসি হিলে শিশু-কিশোরদের চিত্রাঙ্কন প্রতিযোগিতা হয়। শনিবার বেলা ৩টায় মাইজভাণ্ডারি গানের মধ্য দিয়ে উৎসবের দ্বিতীয় দিনের অনুষ্ঠান শুরু হবে। তারপর আলোচনা, চিত্রাংকন ও আঞ্চলিক গানে বিজয়ীদের পুরষ্কার বিতরণ ও সাংস্কৃতিক পরিবেশনা থাখবে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/সিএম/এমসি/এএইচ/২১১৮ ঘ.