বেনাপোল, জানুয়ারি ০৫ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- যশোরের বেনাপোলে সোনালী ব্যাংক থেকে বৃহস্পতিবার সন্ধ্যায় অস্ত্রের ভয় দেখিয়ে এক গ্রাহকের দেড় লাখ টাকা ছিনতাই করেছে দুর্বৃত্তরা।
বেনাপোল পোর্ট থানার উপ-পরিদর্শক আলী আকবর জানান, বেনাপোলের ফয়সাল এন্টারপ্রাইজ নামের সিএন্ডএফ প্রতিষ্ঠানের এক এজেন্ট সরকারি রাজস্ব জমা দেওয়ার জন্য সন্ধ্যায় তিন লাখ টাকা নিয়ে সোনালী ব্যাংকের কাউন্টারে যান।
“কাউন্টারে টাকা গোনার সময় অস্ত্রের মুখে দেড় লাখ টাকা ছিনতাই করে পালিয়ে যায় দুর্বৃত্তরা,” বলেন তিনি।
এ ব্যাপারে ব্যবসায়ীর পক্ষে বেনাপোল পোর্ট থানায় একটি অভিযোগ দায়ের করা হয়েছে উল্লেখ করে উপ-পরিদর্শক আলী আকবর জানান, ছিনতাইকারীদের আটকসহ টাকা উদ্ধারের ব্যাপারে জোর পুলিশ তৎপর রয়েছে।
সোনালী ব্যাংক বেনাপোল শাখার ব্যবস্থাপক রেজাউল হক ঘটনার সত্যতা স্বীকার করে বলেন, “কে বা কারা এ ধরনের ঘটনা ঘটিয়েছে তা এ মুহূর্তে বলা সম্ভব নয়।”
ফয়সাল এন্টারপ্রাইজ’র মালিক এনামুল হক লিটন বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, ব্যাংকের ভেতর থেকে এ ধরনের ছিনতাই ঘটনা এই প্রথম। ছিনতাইয়ের সময় ব্যাংক নিরাপত্তারক্ষী অন্য কাজে ব্যস্ত থাকায় এ দুর্ঘটনা ঘটেছে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/আরআরডি/ডিডি/০০৩১ ঘ.
bdnews24