বরগুনা, জানুয়ারি ০৪ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- শিক্ষকা নির্যাতনের বিচার দাবিতে কয়েক হাজার শিক্ষার্থী ও শিক্ষক-কর্মচারী বরগুনার আমতলী শহরে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে।
বৃহস্পতিবার বেলা ১১টায় এ কর্মসূচি শেষে আমতলী উপজেলা নির্বাহী কর্মকর্তার কাছে স্মারকলিপি দেওয়া হয়।
জমি নিয়ে বিরোধের জেরে গত সোমবার সন্ধ্যায় বরগুনার আমতলী উপজেলার আড়পাঙ্গাশিয়া মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষিকা মাহফুজা বেগমের (৪৫) মাথা ইটের আঘাতে থেঁতলে দেয় প্রতিপক্ষের লোকজন। মাকে রক্ষা করতে গেলে মেয়ে ফারহাও (১৫) আহত হন।
আমতলী উপজেলা পরিষদ চত্বরে বিক্ষোভ সমাবেশে সভাপতিত্ব করেন উপজেলা মাধ্যমিক শিক্ষক সমিতির সভাপতি শাহ নূর হোসেন।
বক্তব্য দেন, সমিতির সাধারণ সম্পাদক আবুল কাসেম, যুগ্ম-সাধারণ সম্পাদক রেজাউল করিম প্রমুখ।
স্মারকলিপি পেয়ে আমতলী উপজেলা নির্বাহী কর্মকর্তা মুহাম্মদ মশিউর রহমান ন্যায় বিচার নিশ্চিত করার পদক্ষেপ নেওয়ার আশ্বাস দেন।
শিক্ষিকারকে মারধরের ঘটনার পরদিন মঙ্গলবার জ্যেষ্ঠ বিচার বিভাগীয় হাকিম সাইফুল ইসলামের আদালতে মামলা করেন মাহফুজার স্বামী আব্দুর রাজ্জাক।
বুধবার সকালে আদালতের গ্রেপ্তারি পরোয়ানা পেয়ে শ্যামল নামের একজনকে পুলিশ গ্রেপ্তার করেছে।
গুরুতর আহত শিক্ষিকা মাহাফুজা বেগম এখন আমতলী হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/আরআরডি/এমএইচপি/ডিডি/২৩১৪ ঘ.
bdnews24