২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

কুমিল্লায় ইভিএমে সাড়া

ইলেকট্রনিক ভোটিং মেশিনে ভোট নিয়ে বেশ সাড়া দেখা গেছে কুমিল্লার ভোটারদের মধ্যে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 05 Jan 2012, 04:39 PM

Updated : 24 Aug 2022, 10:30 AM

কুমিল্লা, জানুয়ারি ০৫ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- ইলেকট্রনিক ভোটিং মেশিনে ভোট নিয়ে বেশ সাড়া দেখা গেছে কুমিল্লার ভোটারদের মধ্যে। ইভিএমে ভোট দিতে কোনো সমস্যা হয়নি বলেই জানালেন ভোটাররা, এর মধ্যে ছিলেন মেয়র প্রার্থী মনিরুল হক সাক্কুও। ইভিএমে আপত্তি জানিয়ে আসা বিএনপির এই নেতা দল থেকে অব্যাহতি নিয়ে কুমিল্লা সিটি কর্পোরেশন নির্বাচনে মেয়র প্রার্থী হন। ভোটে জিতে কুমিল্লার প্রথম মেয়রও হতে যাচ্ছেন তিনি। বৃহস্পতিবার সকাল ৮টা থেকে বিকাল ৪টা পর্যন্ত কুমিল্লা সিটি কর্পোরেশন নির্বাচনে একটানা ভোটগ্রহণ চলে। দেশে এই প্রথম নির্বাচনে ব্যালট পেপার নামে কোনো বিষয় ছিল না। চট্টগ্রামে একটি এবং নারায়ণগঞ্জে নয়টি ওয়ার্ডে সাফল্যের পর কুমিল্লায়ই ২৭ ওয়ার্ডের ৬৫ কেন্দ্রের সবকটিতে নির্বাচন হয় ইভিএমে। তারাপাইয়া সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে ভোট দিয়ে হাছিনা আক্তার উচ্ছ্বাস নিয়ে বলেন, “শুধু বোতাম টিপেই পছন্দের প্রার্থীকে ভোট দিলাম। দেখলাম, তিন সেকেন্ডেই ভোট দেওয়া যায়। বেশ মজা পেয়েছি।” শতবর্ষী ফাহিমা আক্তারও ভোট দিয়ে জানালেন, কোনো ঝামেলা হয়নি তার। বয়োবৃদ্ধাকে অবশ্য ভোট দিতে সহযোগিতা করেছেন তারই এক আত্মীয়। “যতটা জটিল ভেবেছিলাম, ততটা সমস্যা হয়নি,” বলেন আব্দুল হামিদ নামে এক ভোটার। চিত্তরঞ্জন নামে এক ভোটার রাস্তায় যেতে যেতে অন্যদের সঙ্গে আনন্দ ভাগাভাগি করছেন এভাবে- “এ পদ্ধতি থাকলে আর কোনো অসুবিধা নাই। যার ভোট তারে দেওয়া যাবে।” মেয়র প্রার্থী মনিরুল হক সাক্কু মডার্ন স্কুল কেন্দ্রে ভোট দিয়ে সাংবাদিকদের বলেন, “ইভিএমে আমার কোনো আপত্তি নেই। ভোট দিতে আমার এক মিনিটের মতো সময় লেগেছে। মিছা (মিথ্যা) বলব না, ভোট দিতে কোনো সমস্যা হয়নি।” কুমিল্লা হাই স্কুলে ৩ হাজার ৩৮৩ ভোটারের কেন্দ্রের ভোট কক্ষগুলোয় প্রথম ঘণ্টায় গড়ে প্রায় ৩০টি ভোট পড়তে দেখা যায়। স্থানীয়রা বলছেন, শুরুতে এক ধরনের জড়তা থাকায় অনেকের ভোট দিতে সমস্যা হয়। তবে পরে অন্যদের কাছ থেকে জেনে-বুঝে সবাই দ্রুতই ভোট দিয়েছেন। রিটার্নিং কর্মকর্তা আব্দুল বাতেনও বলেন, “আমিও সকালে বেশ কটি কেন্দ্র ঘুরেছি। প্রথমে বয়স্ক ও মহিলাদের ভোট দিতে বিলম্ব হয়েছে। প্রাথমিকভাবে একটু ধীর গতি থাকলেও ধীরে ধীরে ভোট পড়ার পরিমাণ বাড়তে থাকে।” নির্বাচন কমিশনার মুহাম্মদ ছহুল হোসাইনও ইভিএমে ভোট নিয়ে সন্তোষ প্রকাশ করেন। রিটার্নিং কর্মকর্তা আব্দুল বাতেন বলেন, “ইভিএমে ভোট দিতে মানুষের মধ্যে ব্যাপক আগ্রহ দেখেছি, ভোট দিয়েও তারা সন্তুষ্ট। দ্রুত সময়ে সঠিকভাবে ভোট দিয়েছে তারা।” এই নির্বাচনে ভোটার ছিলেন ১ লাখ ৬৯ হাজার ২৭৩ জন। এর মধ্যে পুরুষ ৮৩ হাজার ১৯৯ জন এবং নারী ৮৬ হাজার ৭৪ জন। রিটার্নিং কর্মকর্তা জানান, নির্বাচনে ১ লাখ ২৭ হাজার ৭২ জন ভোট দিয়েছেন। ভোটের হার ৭৫ দশমিক ০৬ শতাংশ। নারায়ণগঞ্জে কয়েকটি কেন্দ্রে সমস্যা হলেও কুমিল্লায় কোথাও ইভিএমে যান্ত্রিক ত্র“টির খবর পাওয়া যায়নি। ভোট দিতে ঝামেলার কোনো অভিযোগও জানাননি ভোটাররা। ইভিএমের পক্ষে বর্তমান ইসির যুক্তি এটা নির্বাচনী ব্যয় কমায়, পাশাপাশি ভোট গণনার সময়ও কমিয়ে আনে। কুমিল্লায় নির্বাচনে ভোটগ্রহণের ৫ ঘণ্টার মধ্যে পুরো ফলাফল ঘোষণা করেছে নির্বাচন কমিশন। কুমিল্লা নির্বাচনে ইভিএম ব্যবহারের সব ধরনের কাজের সমন্বয় করছেন বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের তথ্য প্রযুক্তি ইনস্টিটিউটের (আইআইসিটি) পরিচালক অধ্যাপক লুৎফুল কবীর। কুমিল্লায় ইভিএম সফল হওয়ায় বড় পরিসরে যাত্রার পথ আরো সুগম হবে বলে মনে করেন লুৎফুল কবীর। নির্বাচন কমিশন আগামী জাতীয় নির্বাচন ইভিএমে করার প্রস্তুতি নিয়ে রেখেছে। এতে সরকারের সম্মতি থাকলেও আপত্তি জানাচ্ছে বিএনপি ও তার মিত্র দলগুলো। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমএইচসি/এসআই/এমআই/২২৩৫ ঘ.