২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

কাপ্তাই হ্রদে পাওয়া লাশটি অপহৃত রমজানের

রাঙামাটিতে কাপ্তাই হ্রদ থেকে বৃহস্পতিবার দুপুরে উদ্ধার করা লাশটি অপহৃত পাঁচ জেলের একজনের।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 05 Jan 2012, 05:01 PM

Updated : 24 Aug 2022, 10:30 AM

রাঙামাটি, জানুয়ারি ০৫ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- রাঙামাটিতে কাপ্তাই হ্রদ থেকে বৃহস্পতিবার দুপুরে উদ্ধার করা লাশটি অপহৃত পাঁচ জেলের একজনের। অপহৃত রমজান আলীর (২৬) স্বজনরা তার লাশ শনাক্ত করেছেন। রমজানের হাত বাঁধা ছিল। পরনে ছিল কালো গেঞ্জি ও লুঙ্গি। গত ৪ ডিসেম্বর রাতে বরকলের ছোট হরিণা ইউনিয়নের তাগলগবাঘ এলাকায় ভারতের মিজোরাম সীমান্তে জিরো পয়েন্টে কর্ণফুলী নদীতে মাছ ধরতে গেলে রমজান আলীসহ পাঁচ বাঙালি জেলেকে অপহরণ করে দুর্বৃত্তরা। রাঙামাটির বরকল ও লংগদু উপজেলার সীমান্তে ইসলামপুর এলাকায় কাপ্তাই হ্রদে রমজানের লাশ পাওয়া যায়। বিকালে হাসপাতালে গিয়ে রমজানের বাবা আজেদ আলী লাশ বলে শনাক্ত করেন। কোতোয়ালি থানার ওসি সাইফুল ইসলাম চৌধুরী বলেন, সকাল ৮টার দিকে কাপ্তাই হ্রদে লাশ ভাসতে দেখতে এলাকাবাসী বরকল থানা পুলিশকে খবর দেয়। দুপুরে পুলিশ লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য রাঙামাটি জেনারেল হাসপাতালে পাঠায়। খবর পেয়ে বিকালে হাসপাতালে যান অপহৃত রমজান আলীর বাবা আজেদ আলীসহ স্বজনরা। পাঁচ বাঙালি জেলেকে অপহরণের ঘটনায় ১৯ ডিসেম্বর বরকল থানায় রমজানের বাবা আজেদ আলী বাদী হয়ে বরকল উপজেলা ভাইস চেয়ারম্যান কমল জ্যোতি চাকমা, ভূষণ ছড়া ইউপি চেয়ারম্যান দীলিপ কুমার চাকমাসহ ২৪ জনের নাম উল্লেখ করে অপহরণ মামলা দায়ের করেন। ওদিন পুলিশ রাঙামাটি শহরের বনরুপা থেকে ভূষণ ছড়া ইউপি চেয়ারম্যান দীলিপ কুমার চাকমাকে গ্রেপ্তার করে। এদিকে অপহৃতদের উদ্ধারের দাবিতে বিক্ষোভকালে জেলা প্রশাসক কার্যালয়ে ভাংচুর ও পুলিশের উপর হামলার অভিযোগে গত ১ জানুয়ারি ১৬ জনকে পুলিশ গ্রেপ্তার করেছে। অপহৃতদের উদ্ধার এবং গ্রেপ্তারদের মুক্তির দাবিতে বৃহস্পতিবার (৫ জানুয়ারি) রাঙামাটিতে সকাল-সন্ধ্যা হরতাল করেছে পার্বত্য চট্টগ্রামের বাঙালিদের কয়েকটি সংগঠন। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/ডিডি/২২৫১ ঘ.