ঢাকা, জানুয়ারি ০৫ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- জনপ্রশাসনে নয় জন উপসচিবসহ ১৪ কর্মকর্তার পদে পরিবর্তন আনা হয়েছে। বৃহস্পতিবার জনপ্রশাসন মন্ত্রণালয়ের পৃথক আদেশে এসব রদবদল করা হয়।
উপসচিবদের মধ্যে জাতীয় সংসদ সচিবালয়ের উপসচিব আব্দুল কাইউম সরদারকে মুদ্রণ ও প্রকাশনা অধিদপ্তরের পরিচালক এবং মুজিবনগর স্মৃতি কেন্দ্র প্রকল্পের প্রকল্প পরিচালক প্রদোষ কান্তি দাসকে ‘কনস্ট্রাকশন অব ইলেকশন রিসোর্স সেন্টার’ প্রকল্পের প্রকল্প পরিচালক পদে প্রেষণে নিয়োগ দেওয়া হয়েছে।
‘৪১ জেলায় ইলেকট্রিক্যাল অ্যান্ড হাউজওয়ারিং, ৫৫ জেলায় ইলেকট্রনিক্স এবং ৫৫ জেলায় রেফ্রিজারেশন অ্যান্ড এয়ারকন্ডিশনিং বিষয়ে প্রশিক্ষণ কার্যক্রম স¤প্রসারণ’ প্রকল্পের প্রকল্প পরিচালক আব্দুছ ছাত্তারকে শিপিং কর্পোরেশনের (বিএসসি) ঢাকার নিজস্ব জমিতে বহুতল ভবন নির্মাণ প্রকল্পের মহাব্যবস্থাপক (মার্কেটিং) এবং ট্রেডিং করপোরেশন অব বাংলাদেশের (টিসিবি) সচিব রমজান আলীকে একই দপ্তরের পরিচালক পদে প্রেষণে নিয়োগ দেওয়া হয়েছে।
বাধ্যতামূলক প্রাথমিক শিক্ষা বাস্তবায়ন পরিবীক্ষণ ইউনিটের উপ-পরিচালক মনজুুরুল কাদেরকে ‘যুব সংগঠনের মধ্যে কর্মসূচিভিত্তিক নেটওয়ার্কিং জোরদারকরণ প্রকল্প’র প্রকল্প পরিচালক, প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের উপ-পরিচালক কামাল হোসেনকে ‘স্ট্রেংদেনিং গভর্ন্যান্স ম্যানেজমেন্ট প্রজেক্ট’ প্রকল্পের উপ-প্রকল্প পরিচালক, মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের উপসচিব প্রদীপ কুমার দাশকে ‘একটি বাড়ি একটি খামার’ প্রকল্পের উপ-প্রকল্প পরিচালক পদে প্রেষণে নিয়োগ দেওয়া হয়েছে।
জনপ্রশাসন মন্ত্রণালয়ের বিশেষ ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওএসডি) উপসচিব নজির আহমদকে ‘একটি বাড়ি একটি খামার’ প্রকল্পের উপ-প্রকল্প পরিচালক পদে প্রেষণে নিয়োগ ও পদায়ন করা হয়েছে।
এনার্জি রেগুলেটরি কমিশনের (বিইআরসি) পরিচালক মোহাম্মদ বজলুর রহমানকে ওএসডি করে বিদ্যুৎ বিভাগের সাস্টেইনেবল এনার্জি সেল-এ সংযুক্ত করা হয়েছে।
সিনিয়র সহকারী সচিব পর্যায়ের কর্মকর্তাদের মধ্যে অর্থ বিভাগের সিনিয়র সহকারী সচিব নাজনীন কাউসার চৌধুরীকে বেলজিয়ামের ব্রাসেলস-এ বাংলাদেশ দূতাবাসের প্রথম সচিব (অর্থনৈতিক) পদে প্রেষণে নিয়োগ দেওয়া হয়েছে।
আইন মন্ত্রণালয়ের লেজিসলেটিভ ও সংসদ বিষয়ক বিভাগের সচিবের একান্ত সচিব গোলাম সারওয়ারকে মুন্সিগঞ্জের অতিরিক্ত জেলা প্রশাসক (এডিসি) নিয়োগ করা হয়েছে।
মুন্সিগঞ্জের এডিসি শাহিনা খাতুন এবং বরগুনার এডিসি আহসান কবীরকে প্রত্যাহার করে পদায়নের জন্য জনপ্রশাসন মন্ত্রণালয়ে ন্যস্ত করা হয়েছে।
জনপ্রশাসন মন্ত্রণালয়ে ন্যস্ত সিনিয়র সহকারী সচিব মোহাম্মদ আবদুল লতিফকে বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয়ে পদায়ন করা হয়েছে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমকে/এমআই/২১১২ ঘ.
bdnews24