কুমিল্লা, জানুয়ারি ০৫ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- কুমিল্লা সিটি কর্পোরেশন নির্বাচনে বেসরকারি ফলাফলে বিএনপি থেকে অব্যাহতি নিয়ে নাগরিক কমিটির ব্যানারে লড়াইয়ে থাকা মেয়র প্রার্থী মনিরুল হক সাক্কু এগিয়ে আছেন।
বৃহস্পতিবার সন্ধ্যা ৬টা পর্যন্ত দুটি কেন্দ্রের ফলাফল ঘোষণা করেন রিটার্নিং কর্মকর্তা আব্দুল বাতেন। এর মধ্যে মনিরুল হক সাক্কু পেয়েছেন ২২৯০ ভোট। আওয়ামী লীগ সমর্থিত প্রার্থী আফজল খানের ভোট ৯৬৯টি।
আয়তনের দিক দিয়ে দেশের সবচেয়ে ছোট এ সিটি কর্পোরেশনে মোট ভোটার ১ লাখ ৬৯ হাজার ২৭৩ জন। এর মধ্যে পুরুষ ৮৩ হাজার ১৯৯ জন এবং নারী ভোটার ৮৬ হাজার ৭৪ জন। নির্বাচন কমিশনের ধারণা, ৭০ থেকে ৮০ শতাংশ ভোটার ভোট দিয়েছেন।
এর আগে সকাল ৮টা থেকে বিকাল ৪টা পর্যন্ত উৎসবের আমেজে শান্তিপূর্ণভাবে ভোটগ্রহণ চলে। কোথাও বড় কোনো গোলোযোগ ঘটেনি।
ভোট গ্রহণের ইলেকট্রনিক পদ্ধতি-ইভিএমে যান্ত্রিক ত্র“টিরও কোনো খবর পাওয়া যায়নি। কুমিল্লায় প্রথম পুরো নির্বাচন ইভিএমে হচ্ছে।
কমিশনের কর্মকর্তাদের পাশাপাশি মেয়র পদের প্রধান দুই প্রার্থীও সন্তোষ প্রকাশ করেছেন নির্বাচনের পরিবেশ নিয়ে।
এ নির্বাচনে মেয়র পদে আওয়ামী লীগ সমর্থিত আফজল খান আনারস, নাগরিক কমিটির ব্যানারে মনিরুল হক সাক্কু হাঁস, জাতীয় পার্টির ভাইস চেয়ারম্যান এয়ার আহমেদ সেলিম টেলিভিশন, আওয়ামী লীগ নেতা নূর উর রহমান তানিম চশমা, সাবেক জেলা ছাত্রলীগ সাধারণ সম্পাদক আনিসুর রহমান মিঠু জাহাজ, জেএসডির শিরিন আক্তার তালা, চঞ্চল কুমার ঘোষ ঘোড়া, মো. সালমান সাঈদ দোয়াত-কলম এবং মামুনুর রশিদ কাপ-পিরিচ প্রতীক নিয়ে লড়েছেন।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমএইচসি/এসআই/এএল/১৮১৫ ঘ.
bdnews24