ঢাকা, ডিসেম্বর ০৫ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- বন্ধ হয়ে যাওয়া আদমজী এবং বন্ধ থাকা পাটকলগুলো পুনরায় চালুর দাবিতে তালা হাতে অবস্থান কর্মসূচি পালন করেছে শ্রমিকরা।
বৃহস্পতিবার সকালে জাতীয় প্রেসক্লাবের সামনে আদমজীর ৩২ হাজার শ্রমিকের চাকরি হারানোর প্রতীক হিসেবে ৩২টি তালা হাতে নিয়ে এই কর্মসূচি পালন করা হয়।
২০০২ সালের ৩০ জুন বিএনপি-জামায়াত জোট সরকার আমলে এশিয়ার বৃহত্তম পাটকল আদমজী জুট মিলস বন্ধ করে দেওয়া হয়। এতে কর্মচ্যুত হন প্রায় ৩২ হাজার স্থায়ী-অস্থায়ী শ্রমিক।
নবম সংসদের পাট মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটি আদমজী পুনরায় চালুর সুপারিশ করেছিলো। তবে আদমজীর জায়গায় ইতোমধ্যে ইপিজেড চালু হয়েছে।
অবস্থান কর্মসূচিতে শ্রমিকরা বলেন, বর্তমান সরকার প্রতিশ্র“তি দিলেও বন্ধ হওয়া পাটকলগুলো তিন বছরেও চালু করা হয়নি।
সমাবেশে বাংলাদেশ ট্রেড ইউনিয়ন কেন্দ্রের সাধারণ সম্পাদক ডা. ওয়াজেদুল ইসলাম খান বলেন, “মূলত পার্শ্ববর্তী দেশের স্বার্থ রক্ষার জন্যই দেশের পাট শিল্প ধ্বংস করার চক্রান্ত হয়েছে। আদমজী বন্ধ করে তৎকালীন সরকার দেশকে ধ্বংসের দ্বাড়প্রান্তে নিয়ে গেছে।”
শ্রমিকদের সঙ্গে সংহতি জানিয়ে লেখক-কলামনিস্ট সৈয়দ আবুল মকসুদ বলেন, “বাঙালি জাতির ইতিহাস এবং ঐতিহ্যের সঙ্গে পাট শিল্প জড়িত। স্বাধীন বাংলাদেশের সনদ ৬ দফা এবং ৫৪-এর ২১ দফা দাবির মধ্যেও এ শিল্পের কথা উল্লেখ ছিলো।”
আদমজী পাটকল বন্ধের সময় তৎকালীন বিরোধী দল আওয়ামী লীগ প্রতিবাদ না করায় তাদেরও সমালোচনা করেন তিনি।
গ্রামীণ জীবনযাত্রার স্থায়ীত্বশীল উন্নয়নের জন্য প্রচারাভিযান (সিএসআরএল) এবং নাগরিক সংহতির যৌথ উদ্যোগে আয়োজিত এই অবস্থান কর্মসূচিতে নাগরিক সংহতির শরিফুজ্জামান শরিফ, শ্রমিক নেতা লুৎফর রহমান উপস্থিত ছিলেন।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এএইচএ/আরএ/এমআই/১৬২৫ ঘ.
bdnews24