কুমিল্লা, জানুয়ারি ৫ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- কুমিল্লা সিটি কর্পোরেশনের প্রথম নির্বাচনে ‘উৎসবমুখর’ পরিবেশে ভোট হওয়ায় ৭০ শতাংশের বেশি ভোট পড়বে বলে ধারণা করছে নির্বাচন কমিশন।
বৃহস্পতিবার সকাল ৮টায় ভোট শুরুর পর চার ঘণ্টার সার্বিক পরিস্থিতি পর্যবেক্ষণ করে নির্বাচন কমিশনার মুহাম্মদ ছহুল হোসাইন বেলা ১২টার পর বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “কারো কোনো অভিযোগ নেই। শান্তিপূর্ণভাবে ইভিএমে ভোট চলছে। ভোটাররাও নির্বিঘেœ কেন্দ্রে যাচ্ছেন।”
“আমরা নিয়মিত খোঁজখবর রাখছি। যে ট্রেন্ড চলছে, তাতে ৭০ শতাংশের বেশি ভোট পড়বে বলে ধারণা করছি”, যোগ করেন তিনি।
বিকাল ৪টা পর্যন্ত এ নির্বাচনে অংশ নেবেন প্রায় পৌনে ২ লাখ ভোটার। নির্বাচন উপলক্ষে কুমিল্লায় সাধারণ ছুটি ঘোষণা করা রয়েছে। ভোটের ফল ঘোষণার জন্য যাবতীয় প্রস্তুতিও নেওয়া হয়েছে কুমিল্লার টাউন হলে।
এ নির্বাচনের অন্যতম দুই প্রতিদ্বন্দ্বী প্রার্থী সকালে নিজ নিজ কেন্দ্রে গিয়ে ভোট দিয়ে সার্বিক পরিবেশে সন্তোষ প্রকাশ করেছেন। ফল যেমনই হোক, তা মেনে নেওয়ারও ঘোষণা দিয়েছেন আওয়ামী লীগ সমর্থিত আফজল খান এবং বিএনপি থেকে অব্যাহতি নিয়ে নির্বাচনী লড়াইয়ে থাকা মনিরুল হক সাক্কু। তাদের মধ্যেই মূল প্রতিদ্বন্দ্বিতা হবে বলে স্থানীয়রা মনে করছেন।
রিটার্নিং কর্মকর্তা আব্দুল বাতেন বলেন, “এ পর্যন্ত কোনো অপ্রীতিকর ঘটনা ঘটেনি। সার্বিক পরিবেশ নিয়ে আমরা সন্তুষ্ট।”
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে তিনি বলেন, “ইভিএমে ভোট দিতে মানুষের মধ্যে ব্যাপক আগ্রহ দেখেছি, ভোট দিয়ে তারাও সন্তুষ্ট। দ্রুত সময়ে সঠিকভাবে ভোট হচ্ছে।”
আইন শৃঙ্খলাবাহিনীসহ নির্বাচন সংশ্লিষ্ট কর্মকর্তারা সব সময় সজাগ রয়েছে বলেও তিনি তিনি উল্লেখ করেন।
সকাল থেকে নগরীর বেশ কয়েকটি কেন্দ্র ঘুরে জানা গেছে, নতুন প্রযুক্তি ইভিএম ব্যবহারের কারণে কয়েকটি ভোট কক্ষে ভোট শুরুতে ৫ থেকে ১০ মিনিট দেরি হয়। তবে অধিকাংশ কেন্দ্রেই সকাল ৮টা থেকে ভোট শুরু হয়ে যায়।
প্রথম ঘণ্টায় ভোটগ্রহণের হার কিছু কম থাকলেও বেলা গড়ানোর সঙ্গে সঙ্গে তা বাড়তে থাকে।
কুমিল্লা হাই স্কুলে ৩ হাজার ৩৮৩ ভোটারের কেন্দ্রের ভোট কক্ষগুলোতে প্রথম ঘণ্টায় গড়ে প্রায় ৩০টি ভোট পড়তে দেখেছেন সাংবাদিকরা।
কোথাও ইভিএমে যান্ত্রিক ত্র“টির কোনো খবর পাওয়া যায় নি। ভোটাররাও কোনো জটিলতার অভিযোগ করেননি।
রিটার্নিং কর্মকর্তা আব্দুল বাতেন বলেন, “আমিও সকালে বেশক’টি কেন্দ্র ঘুরেছি। প্রথমে বয়স্ক ও মহিলাদের ভোট দিতে বিলম্ব হয়েছে। প্রাথমিকভাবে একটু ধীর গতি থাকলেও ধীরে ধীরে ভোট পড়ার পরিমাণ বাড়তে থাকে। প্রচারণার পাশাপাশি প্রত্যেক ভোটকক্ষে ভোট দান পদ্ধতি সম্পর্কে পোস্টার থাকায় ইভিএমে ভোট দিতে সাধারণ ভোটারদের কোনো সমস্যা হয়নি।”
এ নির্বাচনে ইভিএম পরিচালনার তত্ত্বাবধানে থাকা বুয়েটের আইআইসিটি পরিচালক অধ্যাপক লুফুল কবীর বলেন, “বেলা ১০টার দিকে প্রতিটি ভোট কক্ষে প্রতি ঘণ্টায় গড়ে ৪০ থেকে ৬০টি ভোট পড়েছে। বেলা ১টার পর্যন্ত ভোট নেওয়ার গতি থাকবে বেশি। পরে উপস্থিতিও কমতে থাকবে ধীরে ধীরে।”
বিকাল ৪টায় ভোট শেষ হওয়ার পর ঘণ্টাখানেকের মধ্যে কেন্দ্রে কেন্দ্রে ফল ঘোষণা সম্ভব হবে বলে রিটার্নিং কর্মকর্তা জানান।
কুমিল্লার ভোট কেন্দ্রগুলোতে বসানো ওয়বক্যাম দেখভালের দায়িত্বে থাকা কে এম মাসুদুর রহমান জানান, দুপুর ১টা পর্যন্ত কোনো কেন্দ্রে কেনো গোলযোগ তারা দেখেননি।
কেন্দ্র পরিদর্শনে এসে জেলা প্রশাসক রেজাউল আহসান সাংবাদকদের বলেন, সুষ্ঠু নির্বাচন অনুষ্ঠানে সব ধরনের ব্যবস্থা থাকায় ভোটাররা নির্বিঘেœ ভোট দিচ্ছে।
আয়তনের দিক দিয়ে কুমিল্লাই দেশের সবচে ছোট সিটি কর্পোরেশন। এখানে ভোটার সংখ্যা ১ লাখ ৬৯ হাজার ২৭৩ জন। এর মধ্যে পুরুষ ভোটার ৮৩ হাজার ১৯৯ জন এবং নারী ভোটার ৮৬ হাজার ৭৪ জন। দুপুর পর্যন্ত কেন্দ্রগুলোতে নারীদের উপস্থিতিই বেশি দেখা যায়।
এ নির্বাচন পর্যবেক্ষণকারী সংস্থা ইন্সটিটিউট অব এনভায়রনমেন্ট এন্ড ডেভেলপমেন্টের পর্যবেক্ষক শাহীদা বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, সকালের দিকে ইভিএম নিয়ে সামান্য জড়তা থাকলেও পরে তা কেটে যায়। প্রতিটি কেন্দ্রে বিপুল সংখ্যক নারী ভোটার উৎসবের মেজাজে ভোট দিয়েছেন।
ওই সময় পর্যন্ত সার্বিকভাবে নির্বাচনের পরিবেশ সুষ্ঠু ছিল উল্লেখ করে তিনি বলেন, “এবার নারীরাই তফাৎ গড়ে দেবে।”
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমএইচসি/এসআই/জেকে/১৩৪০ ঘ.
bdnews24