কুমিল্লা, জানুয়ারি ০৫ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- কুমিল্লা সিটি কর্পোরেশনের প্রথম নির্বাচনের আগে ইলেকট্রনিক ভোটিং মেশিন (ইভিএম) নিয়ে আরো প্রচার চালানো প্রয়োজন ছিল মনে করেন বিএনপি থেকে অব্যাহতি নিয়ে নির্বাচনী লড়াইয়ে আসা মনিরুল হক সাক্কু। তবে ভোট ‘সুষ্ঠু হলে’ ফল মেনে নেবেন বলে জানিয়েছে তিনি।
বৃহস্পতিবার সকাল ৮টায় এ নির্বাচনের ভোটগ্রহণ শুরুর পর সাড়ে ৯টার দিকে শহরের উত্তর চর্থার হোচ্ছামিয়া উচ্চ বিদ্যালয় কেন্দ্রে ভোট দেন সাক্কু।
পরে তিনি সাংবাদিকদের বলেন, “নির্বাচনের ফলাফল যাই হোক, আমি মেনে নেব। কিন্তু ভোটাররা যাতে সুষ্ঠুভাবে ভোট দিতে পারেন। কোথাও যেন ভোটারদের ব্যারিকেড দেওয়া না হয়।”
বিএনপি ইলেকট্রনিক ভোটিং মেশিন (ইভিএম) নিয়ে আপত্তি জানিয়ে নির্বাচন বর্জনের ঘোষণা দিলেও কুমিল্লা বিএনপির নেতা ও পৌরসভার সাবেক মেয়র সাক্কু নির্বাচন করছেন নাগরিক কমিটির ব্যানারে, হাঁস প্রতীক নিয়ে।
তিনি বলেন, “আমি ইভিএম এর বিপক্ষে নই। ইভিএমে ভোট দিতে আমার এক মিনিটের মতো সময় লেগেছে। মিছা বলব না, ভোট দিতে কোনো সমস্যা হয় নাই। তবে ভোট কই পড়েছে তাতো আমি জানি না।”
এই নতুন প্রযুক্তি নিয়ে প্রচার যথেষ্ট হয়নি অভিযোগ করে তিনি বলেন, মাত্র ১৫ দিনের প্রচারণায় অনেকেই ইভিএমে ভোট দেওয়ার পদ্ধতি ভালোভাবে বুঝে উঠতে পারেনি। ২/৩ মাস আগে থেকে প্রচার শুরু দরকার ছিল। ১৫ দিনের প্রচারে দেড় লাখের বেশি ভোটারকে বোঝানো সম্ভব না।
“যারা বিষয়টি জানেন না, তারা ইভিএমে ভোট দিতে ভয় ও লজ্জা পায়। তবে আমি অনেককেই বুঝিয়েছি যে, ভয়ের কিছু নেই। এরপরেও অনেকেই ডরে ভোট কেন্দ্রে আসবে না,” যোগ করেন তিনি।
সব কিছু মিলিয়ে ইভিএমে ভোট নিয়ে আর আপত্তি আছে কিনা জানতে চাইলে সাক্কু বলেন, “আপত্তি নেই। তবে ভোট কোথায় পড়েছে তা তো আমি জানি না। এতে আমার আপত্তি আছে। পদ্ধতিগতভাবে যেন ভোট অন্য জায়গায় না যায়।”
তবে ভোটকেন্দ্রের সার্বিক পরিস্থিতি দেখে সন্তোষ প্রকাশ করেছেন সাবেক এই বিএনপি নেতা।
“এ কেন্দ্রের পরিবেশ দেখে মনে হচ্ছে ভোট সুষ্ঠু হচ্ছে। এভাবে চলতে থাকলে আশা করছি নির্বাচনও সুষ্ঠু হবে।”
সাংবাদিকদের প্রশ্নের ব্যাপারে তিনি বলেন, “সুষ্ঠুভাবে ভোট হলে আশা করি বিজয়ী হবো।”
তবে তার পোলিং এজেন্টদের বাড়িতে ‘প্রশাসনের লোকজন’ বুধবার রাতে ‘রেইড’ দিয়েছে অভিযোগ করে তিনি বলেন, এসব বিষয়ে নির্বাচন কমিশনে লিখিত অভিযোগ দেওয়া হয়েছে।
নির্বাচন উপলক্ষে বৃহস্পতিবার কুমিল্লায় সাধারণ ছুটি ঘোষণা করা রয়েছে। বিকাল ৪টা পর্যন্ত এ নির্বাচনে অংশ নেবেন প্রায় পৌনে ২ লাখ ভোটার। ভোটের ফল ঘোষণার জন্য যাবতীয় প্রস্তুতি নেওয়া হয়েছে কুমিল্লার টাউন হলে। সব কেন্দ্রে ইভিএমে ভোট হওয়ায় ফলও দ্রুত ঘোষণা করা যাবে বলে আশা করছে নির্বাচন কমিশন।
এ নির্বাচনে মেয়র পদে নয় জন প্রতিদ্বন্দ্বিতা করলেও আওয়ামী লীগ সমর্থিত আফজল খান এবং মনিরুল হক সাক্কুর মধ্যেই মূল প্রতিদ্বন্দ্বিতা হবে বলে স্থানীয়রা মনে করছেন।
মেয়র পদের অন্য প্রার্থীরা হলেন- জাতীয় পার্টির ভাইস চেয়ারম্যান এয়ার আহমেদ সেলিম (টেলিভিশন), আওয়ামী লীগ নেতা নূর উর রহমান তানিম (চশমা), সাবেক জেলা ছাত্রলীগ সাধারণ সম্পাদক আনিসুর রহমান মিঠু (জাহাজ), জাসদের শিরিন আক্তার (তালা), চঞ্চল কুমার ঘোষ (ঘোড়া), মো. সালমান সাঈদ (দোয়াত-কলম) এবং মামুনুর রশিদ (কাপ-পিরিচ)।
এর মধ্যে মামুন শেষ মুহূর্তে নির্বাচন থেকে সরে দাঁড়ানোর ঘোষণা দিয়েছেন, তবে ভোটিং মেশিনে তার নাম থাকবে।
সাধারণ কাউন্সিলর এবং সংরক্ষিত মহিলা কাউন্সিলর পদে ৩০৫ জন প্রতিদ্বন্দ্বিতা করছেন এ নির্বাচনে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসআই/এমএইচসি/জেকে/১১০১ ঘ.
bdnews24