২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ফল যেমনই হোক, মেনে নেবেন আফজল

কুমিল্লা সিটি কর্পোরেশনের প্রথম ভোটের পরিবেশে সন্তোষ প্রকাশ করে মেয়র পদে আওয়ামী লীগ সমর্থিত প্রার্থী আফজল খান বলেছেন, ফল যাই হোক না কেন, তিনি তা মেনে নেবেন।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 05 Jan 2012, 04:15 AM

Updated : 24 Aug 2022, 10:31 AM

কুমিল্লা, জানুয়ারি ০৫ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- কুমিল্লা সিটি কর্পোরেশনের প্রথম ভোটের পরিবেশে সন্তোষ প্রকাশ করে মেয়র পদে আওয়ামী লীগ সমর্থিত প্রার্থী আফজল খান বলেছেন, ফল যাই হোক না কেন, তিনি তা মেনে নেবেন। বৃহস্পতিবার সকাল ৮টায় এ নির্বাচনের ভোটগ্রহণ শুরুর পর ৯টা ২০ এ কুমিল্লা মডার্ন প্রাইমারি স্কুল কেন্দ্রে ভোট দেন আফজল। এ নির্বাচনে তিনি লড়ছেন আনারস প্রতীক নিয়ে। ভোট দিয়ে বেরিয়ে জেলা আওয়ামী লীগের যুগ্ম আহ্বায়ক আফজল বলেন, “ভোটের পরিবেশ সুষ্ঠু। আমার পক্ষে যে গণজোয়ার সৃষ্টি হয়েছে।” ভোট দেওয়ার পর কিছুটা অসুস্থ বোধ করলে স্কুলের দ্বিতীয় তলায় বেশ কিছুক্ষণ বিশ্রাম নেন ৬৬ বছর বয়সী এই নেতা। পরে তিনি অন্য কেন্দ্র পরিদর্শনে যান। সকাল ৮টায় ভোট শুরুর পর সময় গড়ানোর সঙ্গে সঙ্গে ভোটারদের উপস্থিতি বাড়তে থাকে। বিকাল ৪টা পর্যন্ত এ নির্বাচনে অংশ নেবেন প্রায় পৌনে ২ লাখ ভোটার। নির্বাচন উপলক্ষে কুমিল্লায় সাধারণ ছুটি ঘোষণা করা রয়েছে। ভোটের ফল ঘোষণার জন্য যাবতীয় প্রস্তুতিও নেওয়া হয়েছে কুমিল্লার টাউন হলে। এবারই প্রথম পুরো সিটি কর্পোরেশনে ইলেকট্রনিক ভোটিং মেশিনে (ইভিএম) ভোট হওয়ায় ফলও দ্রুত ঘোষণা করা যাবে বলে আশা করছে নির্বাচন কমিশন। এ নির্বাচনে মেয়র পদে নয় জন প্রতিদ্বন্দ্বিতা করলেও আওয়ামী লীগ সমর্থিত আফজল খান এবং বিএনপি থেকে অব্যাহতি নিয়ে নির্বাচনী লড়াইয়ে থাকা মনিরুল হক সাক্কুর (হাঁস প্রতীক) মধ্যেই মূল প্রতিদ্বন্দ্বিতা হবে বলে স্থানীয়রা মনে করছেন। ইলেকট্রনিক ভোটিং মেশিন (ইভিএম) নিয়ে আপত্তি জানিয়ে প্রধান বিরোধী দল বিএনপি এই নির্বাচন বর্জনের ঘোষণা দিলেও কুমিল্লা বিএনপির নেতা ও পৌরসভার সাবেক মেয়র সাক্কু নির্বাচন করছেন। মেয়র পদের অন্য প্রার্থীরা হলেন- জাতীয় পার্টির ভাইস চেয়ারম্যান এয়ার আহমেদ সেলিম (টেলিভিশন), আওয়ামী লীগ নেতা নূর উর রহমান তানিম (চশমা), সাবেক জেলা ছাত্রলীগ সাধারণ সম্পাদক আনিসুর রহমান মিঠু (জাহাজ), জেএসডির শিরিন আক্তার (তালা), চঞ্চল কুমার ঘোষ (ঘোড়া), মো. সালমান সাঈদ (দোয়াত-কলম) এবং মামুনুর রশিদ (কাপ-পিরিচ)। এর মধ্যে মামুন শেষ মুহূর্তে নির্বাচন থেকে সরে দাঁড়ানোর ঘোষণা দিয়েছেন, তবে ভোটিং মেশিনে তার নাম থাকবে। সাক্কু উল্টরা চর্থার হোচ্ছামিয়া হাই স্কুল, সেলিম ইসলামিয়া আদর্শ বিদ্যালয়, তানিম ভিক্টোরিয়া কলেজ, মিঠু অশোকতলা ইসহাক প্রাইমারি স্কুল ভোট কেন্দ্রে ভোট দেবেন বলে জানা গেছে। সাধারণ কাউন্সিলর এবং সংরক্ষিত মহিলা কাউন্সিলর পদে ৩০৫ জন প্রতিদ্বন্দ্বিতা করছেন এ নির্বাচনে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমএইচসি/এসআই/জেকে/১০০৭ ঘ.