২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

বাগেরহাটে সংঘর্ষ, চেয়ারম্যানসহ আহত ২০

বাগেরহাটের মোরেলগঞ্জে যুবকের হাত ভেঙ্গে দেওয়ার জেরে দু’পক্ষের সংঘর্ষে ইউপি চেয়ারম্যানসহ অন্তত ২০ জন আহত হয়েছেন।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 04 Jan 2012, 07:12 PM

Updated : 24 Aug 2022, 10:30 AM

বাগেরহাট, জানুয়ারি ০৪ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- বাগেরহাটের মোরেলগঞ্জে যুবকের হাত ভেঙ্গে দেওয়ার জেরে দু’পক্ষের সংঘর্ষে ইউপি চেয়ারম্যানসহ অন্তত ২০ জন আহত হয়েছেন। বুধবার হোগলাপাশা ইউনিয়নের বৌলপুর বাজারে এই সংঘর্ষ হয়। আহতদের মধ্যে লোকমান হোসেন (৩০), জোৎসনা বেগম (৩২), ইউনিয়ন পরিষদের দফাদার সমীর কৃষ্ণ মীরবর, চৌকিদার আবুল কালাম (৩৫) এবং চৌকিদার বিনয় মীরবরকে (৫০) পিরোজপুর সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে। আহতদের সবার বাড়ি ওই ইউনিয়নের মধুরকাঠি গ্রামে। এছাড়া চেয়ারম্যান ইলিয়াস হোসেন শেখ বাইরে চিকিৎসা নিয়েছেন বলে তিনি নিজে জানান। এলাকাবাসী জানায়, গত ইউনিয়ন পরিষদ নির্বাচনে বিরোধিতা করার কারণে মঙ্গলবার বিকালে স্থানীয় যুবলীগকর্মী টুকু হাওলাদারকে (৩২) চৌকিদার দিয়ে পরিষদে ডেকে নিয়ে চাঁদা দাবি করেন চেয়ারম্যান ইলিয়াস হোসেন শেখ। এ সময় টুকু চাঁদা দিতে অস্বীকার করলে চেয়ারম্যান তাকে মারধর করে তার ডান হাত ভেঙ্গে পরিষদে আটকে রাখেন। পরে তাকে পরিবারের লোকজন পিরোজপুর সদর হাসপাতালে ভর্তি করে। এর প্রতিবাদ জানাতে বুধবার এলাকাবাসী পরিষদে যাওয়ার সময় চেয়ারম্যানের লোকজন তাদের উপর হামলা চালালে সংঘর্ষ শুরু হয়। ইউপি চেয়ারম্যান ইলিয়াস হোসেন শেখ চাঁদা দাবি এবং হাওলাদারকে মারধরের অভিযোগ অস্বীকার করেন। বুধবার রাতে তিনি বলেন, বাড়ি থেকে বেরিয়ে ইউনিয়ন পরিষদে যাওয়ার পথে ৩০-৪০ জন সন্ত্রাসী ধারালো অস্ত্র দিয়ে তাকে কুপিয়ে আহত করে। গত ইউনিয়ন পরিষদ নির্বাচনে তার প্রতিদ্বন্দ্বী প্রার্থী রুহুল আমিন পরাজিত হয়ে তার সন্ত্রাসী বাহিনী দিয়ে পরিকল্পিতভাবে হামলা করেছে। প্রাণভয়ে তিনি বাইরে গোপনে চিকিৎসা নিয়েছেন বলে তিনি দাবি করেন। মোরেলগঞ্জ থানার ওসি মাসুদ আলম সংঘর্ষের সত্যতা নিশ্চিত করে বলেন, টুকু নামে এক যুবককে মেরে হাত ভেঙ্গে দেওয়াকে কেন্দ্র করে দুই পক্ষের সমর্থকদের মধ্যে সংঘর্ষ হয়। তবে এ ঘটনায় কোনো পক্ষই মামলা করতে থানায় আসেনি বলে জানান তিনি। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/আরআরডি/ডিডি/০০৪৪ ঘ.