২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ব্যাংকগুলো অনৈতিক চর্চা করছে: মির্জ্জা আজিজুল

সাবেক অর্থ উপদেষ্টা এবি মির্জ্জা আজিজুল ইসলাম অভিযোগ করেছেন, ব্যাংকগুলো মুনাফা করার জন্যে অনৈতিক এবং ঝুঁকিপূর্ণ চর্চা করছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 04 Jan 2012, 03:57 PM

Updated : 24 Aug 2022, 10:30 AM

ঢাকা, জানুয়ারি ০৪ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- সাবেক অর্থ উপদেষ্টা এবি মির্জ্জা আজিজুল ইসলাম অভিযোগ করেছেন, ব্যাংকগুলো মুনাফা করার জন্যে অনৈতিক এবং ঝুঁকিপূর্ণ চর্চা করছে। এ প্রেক্ষিতে ব্যাংকিং খাতে নৈতিকতার চর্চার ওপর গুরুত্ব আরোপ করেন তত্ত্বাবধায়ক সরকারের সাবেক এ উপদেষ্টা। বুধবার হোটেল রূপসী বাংলায় ‘একাদশ নুরুল মতিন স্মারক বক্তৃতা: ব্যাংকের নৈতিকতা’ শিরোনামের স্মারক বক্তৃতায় অনৈতিক চর্চা থেকে ব্যাংকগুলোকে বিরত থাকার আহ্বান জানান তিনি। মির্জ্জা আজিজুল বলেন, “ব্যাংকগুলোকে অবশ্যই নৈতিকতার মধ্যে থাকতে হবে।” তিনি ভিত্তিস্তম্ভ হিসাবে চারটি নৈতিকতা মেতে চলতে বলেন। এগুলো হলো- আইন ও নীতিমালা মেনে চলা, সব অংশীদারের প্রতি প্রাতিষ্ঠানিক সদাচরণ, সামাজিকভাবে দায়িত্বশীল আচরণ ও প্রতিষ্ঠানের স্বচ্ছ আর্থিক বিবরণী প্রকাশ। এছাড়া ব্যাংকের করণীয় এবং করণীয় নয়- এমন বেশ কয়েকটি বিষয়ও মেনে চলার পরমর্শ দেন সাবেক এ উপদেষ্টা। ব্যাংকগুলোর করণীয় বিষয়ে মির্জ্জা আজিজ বলেন, আমানতকারীদের নায্য পাওনা ফেরৎ এবং তাদের আমানতের নিরাপত্তা নিশ্চিত করা, কার্যকর ঝুঁকি ব্যবস্থাপনা উন্নত করা, ক্ষুদ্র শেয়ারহোল্ডারদের স্বার্থ সমুন্নত করা ইত্যাদি। ব্যাংকগুলোর যা করা উচিৎ নয়- এ প্রসঙ্গে তিনি বলেন, পরিবেশ দূষণ বাড়ায়, শিশুশ্রম উৎসাহিত করে এবং শরীর নষ্ট করে এমন প্রকল্পে অর্থায়ন না করা, রিয়েল বা পুঁজিবাজারের মতো খাতে এমন অর্থায়ন না করা যাতে অস্থিরতা সৃষ্টি করে এবং মুদ্রা পাচার থেকে বিরত থাকা। অনুষ্ঠানে বাংলাদেশ ব্যাংক গভর্নর আতিউর রহমান বলেন, “ব্যাংকগুলো নৈতিকতা অনুশীলনের মান নির্ধারণের জন্যে একটি উপযুক্ত স্থানে রয়েছে। ফলে তারা নিজ নিজ প্রতিষ্ঠানে যে নৈতিকতা অনুশীলন করে, ঋণ গ্রহণকারী ব্যক্তি বা প্রতিষ্ঠানেও তা প্রতিষ্ঠা করার শর্তারোপ করতে পারে।” বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/আরবি/পিডি/০০২৪ ঘ.