সিলেট, জানুয়ারি ০৪ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- মন্ত্রীর নির্দেশের ১০ দিনের মাথায় সিলেট রেল স্টেশনের দেড় শতাধিক অবৈধ স্থাপনা উচ্ছেদ করা হয়েছে।
বুধবার দুপুরে সিলেটের অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মিজানুর রহমান খানের নেতৃত্বে র্যাব ও পুলিশ সদস্যা এ উচ্ছেদ অভিযান চালায়। এ সময় সড়ক ও জনপথ (সওজ) ও রেলওয়ে কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
পরে মিজানুর রহমান খান সাংবাদিকদের জানান, রেলওয়ে এবং সড়ক ও জনপথের (সওজ) জমি থেকে প্রায় দেড় শতাধিক অবৈধ স্থাপনা উচ্ছেদ করা হয়েছে।
স্টেশন এলাকাকে জঞ্জালমুক্ত করতে এ অভিযান অব্যাহত থাকবে বলেও জানান অতিরিক্ত জেলা প্রশাসক।
গত ২৪ ডিসেম্বর বিকেলে স্টেশন এলাকা পরিদর্শনে গিয়ে রেলমন্ত্রী সুরঞ্জিত সেনগুপ্ত ফটকের সামনে অবৈধভাবে গড়ে তোলা চায়ের দোকান দেখে ক্ষুব্ধ হন। এ সময় তিনি সংশ্লিষ্ট কর্মকর্তাদের তিরস্কার করেন। পাশাপাশি অবৈধ স্থাপনা উচ্ছেদে ১৫ দিন সময় বেঁধে দেন।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/সিএস/এএল/১৬০৪ ঘ.
bdnews24