২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

নয়া দিগন্তকে সতর্ক করলো ট্রাইব্যুনাল

জামায়াতে ইসলামী নেতা দেলাওয়ার হোসাইন সাইদীর বিরুদ্ধে যুদ্ধাপরাধের মামলায় নবম সাক্ষীর বক্তব্য ভুলভাবে প্রকাশ করায় দৈনিক নয়া দিগন্তকে সতর্ক করেছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 04 Jan 2012, 10:07 AM

Updated : 24 Aug 2022, 10:30 AM

ঢাকা, জানুয়ারি ০৪ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- জামায়াতে ইসলামী নেতা দেলাওয়ার হোসাইন সাইদীর বিরুদ্ধে যুদ্ধাপরাধের মামলায় নবম সাক্ষীর বক্তব্য ভুলভাবে প্রকাশ করায় দৈনিক নয়া দিগন্তকে সতর্ক করেছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। আদালত বলেছে, ভবিষ্যতে এ ধরনের ঘটনার পুনরাবৃত্তি হলে ব্যবস্থা নেওয়া হবে। পাশাপাশি ওই ভুলের ব্যাখ্যা ছাপানোর জন্যও সংবাদপত্রটিকে নির্দেশ দেওয়া হয়েছে। বুধবার ‘মাওলানা সাঈদীর দিকে তাকিয়ে সাক্ষী বললেন, ওনাকে তো চিনলাম না’ শিরোনামে প্রতিবেদন প্রকাশ করে নয়া দিগন্ত, যেই সংবাদপত্রটির সঙ্গে জামায়াতের বিভিন্ন নেতার সংশ্লিষ্টতা রয়েছে বলে মনে করা হয়। ওই সংবাদ প্রকাশের জন্য সংশ্লিষ্ট প্রতিবেদক মেহেদি হাসানকে তলব করে যুদ্ধাপরাধ ট্রাইব্যুনাল। ওই প্রতিবেদনে বলা হয়, “আদালতে আলতাফ হাওলাদারের জবানবন্দি শেষ হলে রাষ্ট্রপক্ষের আইনজীবী সৈয়দ হায়দার আলী সাক্ষীকে বলেন, আপনি যার বিরুদ্ধে সাক্ষ্য দিলেন তিনি উপস্থিত আছেন কি না দেখে বলেন। তখন সাক্ষী ডকে বসা সাঈদীর দিকে তাকিয়ে বলেন, ‘তাকে তো চিনতে পারলাম না।’ তখন আইনজীবী বলেন, না চিনলে কাছে নিয়ে যাওয়া হবে।” ওই প্রতিবেদনের পরিপ্রেক্ষিতে ট্রাইব্যুনাল বলেছে, প্রতিবেদনে মিথ্যা তথ্য উপস্থাপন করা হয়েছে। ট্রাইব্যুনালের প্রধান বিচারপতি নিজামুল হক বলেন, প্রতিবেদক হাসানের দোষ স্বীকার এবং ভুলের ব্যাখ্যাসহ পত্রিকার প্রথম পাতায় সংবাদ প্রকাশের অঙ্গীকারের পরিপ্রেক্ষিতে আদালত বিষয়টিকে ভুল হিসেবে বিবেচনা করছে। নবম সাক্ষীকে জেরা এদিকে বুধবার দেলাওয়ার হোসাইন সাইদীর বিরুদ্ধে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে যুদ্ধাপরাধের মামলায় নবম সাক্ষীকে জেরা করেন আসামির আইনজীবী মিজানুল ইসলাম, মো. কফিল উদ্দিন চৌধুরী ও মঞ্জুর আহমেদ আনসারী। মানবতাবিরোধী ২০টি অপরাধে গত ৩ অক্টোবর প্রথম ব্যক্তি হিসেবে সাঈদীর বিরুদ্ধে অভিযোগ গঠন করে ট্রাইব্যুনাল। মুক্তিযুদ্ধের সময় পিরোজপুরে হত্যা, লুন্ঠন, নির্যাতনসহ বিভিন্ন অভিযোগে দায়ের করা একটি মামলায় ২০১০ সালের ২৯ জুন গ্রেপ্তার করা হয় এই সাবেক সংসদ সদস্যকে। চলতি বছর ১৪ই জুলাই তার বিরুদ্ধে অভিযোগ আমলে নেয় ট্রাইব্যুনাল। ওই মামলার নবম সাক্ষী পিরোজপুরের পাড়েরহাট ইউনিয়ন পরিষদের টেংরাখালী গ্রামের বাসিন্দা আলতাফ হোসেন হাওলাদার। মূলত ১৯৭১ সালের ৭ মে ও একই বছরের ২ জুনের দুটি ঘটনার প্রত্যক্ষদর্শী তিনি। মঙ্গলবার সাক্ষ্য দেওয়ার পর প্রথম দফা জেরা শেষে বুধবার দ্বিতীয় দফা জেরা করেন আসামিপক্ষে আইনজীবীরা। এ সময় তারা সাক্ষীর সততা ও গ্রহণযোগ্যতা নিয়ে প্রশ্ন তোলেন। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/টিএ/এএল/এমআই/১৫৫০ ঘ.