প্রদীপ চৌধুরী
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম জ্যেষ্ঠ প্রতিবেদক
ঢাকা, জানুয়ারি ০৪ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- জাতীয় রাজস্ব বোর্ড, কাস্টমস ও রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষসহ কয়েকটি প্রতিষ্ঠান ও বেশ কয়েকটি খাতের দুর্নীতি দমনে বিশেষ অভিযানে নামছে দুর্নীতি দমন কমিশন।
এসব প্রতিষ্ঠানে ইতোমধ্যে গোয়েন্দা নজরদারি শুরু হয়েছে বলে জানিয়েছেন দুদক কমিশনার মুহাম্মদ সাহাবুদ্দিন চুপপু।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে তিনি বলেন, বুধবার দুর্নীতি দমন কমিশনের (দুদক) নিয়মিত বৈঠকে এই অভিযানের বিষয়ে সিদ্ধান্ত হয়।
“এসব প্রতিষ্ঠানের বিষয়ে মানুষের মনে বিরূপ ধারণা রয়েছে। এসব খাতে দুর্নীতির খবর অহরহ আমাদের কাছে আসছে। এ জন্য দুদক ওইসব খাতে বিশেষ অভিযান চালানোর সিদ্ধান্ত নিয়েছে”, বলেন তিনি।
বিগত সেনা সমর্থিত তত্ত্বাবধায়ক সরকারের সময়ে দুদক সড়ক ও জনপদ, ঢাকা সিটি কর্পোরেশন, বাংলাদেশ রোড ট্রান্সপোর্ট অথরিটি (বিআরটিএ), স্বাস্থ্য অধিদপ্তরসহ বেশ কিছু প্রতিষ্ঠানে দুর্নীতির অনুসন্ধান শুরু করে। এসব খাতে দুর্নীতি ও অনিয়মের অভিযোগে রাজনীতিবিদ, ব্যবসায়ী ও সরকারি কর্মকর্তাসহ বহু মানুষের বিরুদ্ধে মামলাও করা হয়।
তবে পরে দুদকের এ অভিযান বন্ধ হয়ে যায়।
কমিশনার জানান, এবার যোগাযোগ, স্বাস্থ্য ও শিক্ষা খাতের বিভিন্ন প্রতিষ্ঠানের পাশাপাশি জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর), রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষ (রাজউক) ও কাস্টমসে এই অভিযান চলবে। এরপর ভূমি অফিসগুলোতেও অভিযান চালানো হবে।
“যে যতো বড় দুর্নীতিবাজই হোক, কাউকে ছাড় দেওয়া হবে না”, যোগ করেন তিনি।
সাহাবুদ্দিন জানান, দু’এক দিনের মধ্যে এ অভিযান শুরু হবে। পাশাপাশি এসব প্রতিষ্ঠানের অনিয়ম ও দুর্নীতির বিষয়ে অনুসন্ধানও চলবে।
তিনি বলেন, “আমাদের গোয়েন্দারা ওই প্রতিষ্ঠানগুলোতে ইতোমধ্যে নজরদারি শুরু করেছে।”
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/পিসি/জেকে/১৪৪৫ ঘ.
bdnews24