ঢাকা, জানুয়ারি ০৪ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- রাজধানীর খিলগাঁও পূর্ব গোড়ানের একটি চায়ের দোকান থেকে পুলিশ মঙ্গলবার রাতে দুই ভাইবোনের লাশ উদ্ধার করেছে।
এ দুই শিশু হলো আজিজুল হাকিম বিজয় (৮) ও সাদিয়া আকতার (৪)।
বৃহস্পতিবার থেকে তারা নিখোঁজ ছিল।
চায়ের দোকানটি দুই শিশুর বাবা শফিকুল ইসলাম মিজির। এই মিজিই তার দুই সন্তানকে গলা টিপে হত্যা করে গা ঢাকা দিয়েছে বলে পুলিশের ধারণা।
খিলগাঁও থানার উপ-পরিদর্শক ফারুক হোসেন বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে পারিবারিক বিরোধের জের ধরে শফিকুল তার দুই সন্তানকে গলা টিপে হত্যার পর দোকান বন্ধ করে পালিয়ে গেছে।”
“শফিকুলকে পাওয়া গেলে প্রকৃত ঘটনা জানা যাবে।”
বিজয় ও সাদিয়ার নানা আলী হোসেন কাজি বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, তার মেয়ে বিনা আকতার ও জামাই শফিকুল ইসলাম তাদের দুই সন্তান নিয়ে ১৩০ পূর্ব গোড়ানের টিন শেড বাসায় থাকতেন। এর পাশেই শফিকুলের চায়ের দোকান।
প্রায় ছয় মাস আগে বিনা এবং শফিকুলের মধ্যে পারিবারিক বিরোধ দেখা দেয়। এরপর শফিকুল এই বাসা ছেড়ে তার ভাই মাসুদের বাসায় ওঠেন। কিন্তু নিয়মিত চায়ের দোকানে যেতেন।
আলী হোসেন বলেন, বাবার সঙ্গে প্রতিদিনই দেখা হতো বিজয় ও সাদিয়ার। গত বৃহস্পতিবার থেকে দুই ভাইবোন হঠাৎ নিখোঁজ হয়ে যায়।
একই সময় থেকে চায়ের দোকানও বন্ধ থাকে শিশু দুটির বাবা শফিকুলকেও পাওয়া যাচ্ছিল না।
নিখোঁজ হওয়ার ঘটনায় শফিকুলের ভাই মাসুদ একটি জিডি করেন খিলগাঁও থানায়।
মঙ্গলবার সন্ধ্যার পর থেকে শফিকুলের চায়ের দোকান থেকে দুর্গন্ধ ছড়িয়ে পড়লে স্থানীয় লোকজনের মধ্যে নানা গুঞ্জন শুরু হয়।
দুই শিশুর নানা জানান, রাত ৮টার দিকে পুলিশকে খবর দেওয়ার পর পুলিশ দোকানের তালা ভেঙে দুই ভাইবোনের গলিত মৃতদেহ উদ্ধার করে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এলএইচ/পিডি/০০৩৭ ঘ.
bdnews24