মানিকগঞ্জ, জানুয়ারি ০৩ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- মানিকগঞ্জে ঠিকাদার দেলোয়ার হোসেন খুনের ঘটনায় জড়িত অভিযোগে পুলিশ পাঁচজনকে গ্রেপ্তার করেছে।
রোববার ও সোমবার তাদের গ্রেপ্তার করা হয়। মঙ্গলবার আদালতে হাজির করে জিজ্ঞাসাবাদের জন্য সাতদিনের হেফাজতের আবেদন করা হয়।
মানিকগঞ্জের জ্যেষ্ঠ বিচার বিভাগীয় হাকিম ইকবাল হোসেন দুইদিন মঞ্জুর করেন।
এরা হলেন মানিকগঞ্জ সদর উপজেলার পূর্ব-দাশড়া গ্রামের তারা মিয়া (৫২), পশ্চিম-দাশড়ার রাজু আহমেদ (৫৫), মালঞ্চ গ্রামের গৌরাঙ্গ কুমার সরকার (৩০), গড়পাড়া গ্রামের আশীষ সরকার (৪৫) ও বাজেয়াপ্ত ভাটার দেলোয়ার হোসেন (৩২ )।
গত ২০ ডিসেম্বর ভোরে মানিকগঞ্জ শহরের পশ্চিম দাশড়া এলাকায় ঠিকাদার দেলোয়ারকে (৪৫) গুলি করে হত্যা করে দুর্বৃত্তরা।
মানিকগঞ্জ সদর থানার ওসি মোজাম্মেল হক বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, প্রাথমিক তদন্তে জানা গেছে, একটি স্বর্ণমূর্তি কেনাবেচা নিয়ে সৃষ্ট বিরোধের জের ধরে ঠিাকাদার দেলোয়ারকে খুন করা হয়।
মামলার তদন্ত কর্মকর্তা সদর থানার উপপরিদর্শক (এসআই) মো. শাহ আলম বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম জানান, রোববার রাতে তারা মিয়াকে গ্রেপ্তার করা হয়। তার স্বীকাররোক্তি অনুযায়ী সোমবার রাতে বাকি চারজনকে গ্রেপ্তার করা হয়।
এ ঘটনায় নিহতের ভাই মোতালেব হোসেন অজ্ঞাত পরিচয় কয়েকজনকে আসামি করে সদর থানায় মামলা করেন।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এমএইচপি/ডিডি/২২৪৩ ঘ.
bdnews24