ঢাকা, জানুয়ারি ০৩ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- দেশের ক্রমবর্ধমান বিদ্যুৎ চাহিদা মেটাতে প্রতিবেশি দেশ নেপাল থেকে বাংলাদেশ ১০০০ মেগাওয়াট বিদ্যুৎ আমদানিতে আগ্রহী বলে জানিয়েছেন পররাষ্ট্রমন্ত্রী দীপু মনি।
মঙ্গলবার পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, ঢাকায় নেপালের নতুন রাষ্ট্রদূত হরি কুমার শ্রেষ্ঠ পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে সৌজন্য সাক্ষাত করতে গেলে এ কথা বলেন পররাষ্ট্রমন্ত্রী।
এ সময় প্রতিবেশী দেশ দুটির পারষ্পরিক কল্যাণের জন্য জলশক্তি ও পানিসম্পদ ব্যবহার করে বিদ্যুৎ উৎপাদনের জন্য একসঙ্গে কাজ করার প্রয়োজন আছে বলে মন্তব্য করেন তিনি।
সপ্ত-কোশি উচ্চ বাঁধ প্রকল্পে বাংলাদেশের অংশীদার হওয়ার ইচ্ছা ব্যক্ত করে মন্ত্রী বলেন, “দক্ষিণ এশীয় দেশগুলোর পারস্পরিক লাভের জন্য শক্তির উৎস অনুসন্ধান করার উপযুক্ত সময় এখনই।”
নেপালের ইংরেজি দৈনিক দ্য হিমালয়ান টাইমসের তথ্য অনুযায়ী, ২০০৪ সালে ভারত ও নেপাল যৌথভাবে নেপালের পূর্বাঞ্চলের সপ্ত-কোশি নদীতে ২৬৯ থেকে ৩৩৫ মিটার উচ্চতার একটি বাঁধ নির্মাণ প্রকল্প হাতে নেয়। এ প্রকল্পটি বাস্তবায়িত হলে তা হবে পৃথিবীর উচ্চতম বাঁধ।
চট্টগ্রাম ও মংলা সমুদ্র বন্দর
দীপু মনি বলেন, বাংলাদেশ ইতোমধ্যে নেপাল ও ভুটানকে মংলা ও চট্টগ্রাম সমুদ্রবন্দর ব্যবহারের জন্য প্রস্তাব দিয়েছে।
বাংলাদেশ ও ভারতের মধ্যে সমমান পরিচালন পদ্ধতি চুক্তির ফলে নেপালের মালবাহী যানবাহন বাংলাবান্ধা স্থলবন্দরের জিরো পয়েন্ট থেকে বাংলাদেশের ভেতরে ২০০ মিটার পর্যন্ত প্রবেশের অনুমতি দেওয়া হয় উল্লেখ করে তিনি বলেন, “এ প্রবেশাধিকার বাংলাদেশ ও নেপালের মধ্যকার দ্বিপক্ষীয় বাণিজ্যকে সহজ করবে।”
বাংলাদেশ সরকার বিরল-রাধিকাপুর বহুমুখী রেলপথ স্থাপন ২০১২ সালের মধ্যে শেষ করার পকল্পনা করছে জানিয়ে পররাষ্ট্রমন্ত্রী বলেন, এর ফলে নেপালের মালবাহী যান চলাচল অনেক সহজ হবে।
বাংলাদেশ-ভারতের মধ্যে সমঝোতা চুক্তি সাক্ষরের সময় বাদ পড়ে যাওয়া নেপাল পর্যন্ত রেল ট্রানজিট হিসেবে অতিরিক্ত/বিকল্প রোহনপুর-সিঙ্গাবাদ রুটের অন্তর্ভুক্তির বিষয়টিও উল্লেখ করেন দীপু মনি।
তিনি জানান, বাংলাদেশ ইতোমধ্যে পরীক্ষামূলকভাবে এই রুট (রোহনপুর-সিঙ্গাবাদ) দিয়ে ৫০ হাজার টন সার বহন করেছে।
নেপাল শান্তি প্রক্রিয়া
বৈঠকে দীপু মনি বলেন, বাংলাদেশ গভীর আগ্রহের সঙ্গে নেপালের চলমান শান্তিপ্রক্রিয়া পর্যবেক্ষণ করছে এবং দেশটির গণতান্ত্রিক বিনির্মাণে এগিয়ে যাওয়াকে সমর্থন করে।
নেপালের জনগণের জীবনযাত্রার/প্রয়োজনের সঙ্গে সঙ্গতিপূর্ণ একটি সংবিধান গ্রহণের মাধ্যমে দেশটির জনগণের আশা-আকাক্সক্ষার প্রতিফলন ঘটবে বলে আশা প্রকাশ করেন পররাষ্ট্রমন্ত্রী।
দ্বিপক্ষীয় বাণিজ্য
সার্কভুক্ত প্রতিবেশি এ দেশ দুটির মধ্যে দ্বিপক্ষীয় বাণিজ্য সম্পর্কে দীপু মনি বলেন, “প্রত্যাশিত বা সম্ভাব্য বাণিজ্যের চেয়ে বর্তমান দ্বিপক্ষীয় বাণিজ্যের পরিমাণ অনেক কম।”
এ জন্য দেশ দুটির বেসরকারি খাতগুলোর মধ্যে বাণিজ্যিক সম্পর্ক বাড়াতে ব্যক্তিগত উদ্যোগ নেওয়ার জন্য নবনিযুক্ত নেপালি রাষ্ট্রদুত হরি কুমারকে অনুরোধ করেন পররাষ্ট্রমন্ত্রী।
বৈঠকে পররাষ্ট্রমন্ত্রী ও নবনিযুক্ত নেপালি রাষ্ট্রদূত বাণিজ্যিক সম্পর্কের পাশাপাশি দুই দেশের স্বার্থ সংশ্লিষ্ট বিভিন্ন বিষয় আলোচনা করেন এবং দিপক্ষীয় সম্পর্ককে আরো গতিশীল করতে মতবিনিময় করেন।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসএসজেড/আরআরডি/পিডি/২১০১ ঘ.
bdnews24