ঢাকা, জানুয়ারি ০৩ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- নারী ও তরুণীদের অধিকার এবং কল্যাণমূলক কর্মকাণ্ডে সম্পৃক্ত সরকারি-বেসরকারি ব্যক্তিদের সঙ্গে মত বিনিময় করতে যুক্তরাষ্ট্র দুই শীর্ষ কর্মকর্তা ঢাকা আসছেন বুধবার।
মিনেসোটা থেকে নির্বাচিত কংগ্রেস সদস্য বেটি ম্যাককালাম এবং বিশ্ব নারী বিষয়ক রাষ্ট্রদূত মেলান ভারভিয়ার এ সফরের কথা মঙ্গলবার ঢাকায় যুক্তরাষ্ট্র দূতাবাসের এক বিজ্ঞপ্তিতে জানানো হয়।
এতে বলা হয়, তারা নারী ও তরুণীদের অধিকার এবং কল্যাণের সঙ্গে সম্পৃক্ত সরকারি কর্মকর্তা, কম্যুনিটি-পর্যায়ের ও সুশীল সমাজের নেতাদের সঙ্গে দেখা করবেন।
এছাড়া নারী, স্বাস্থ্য এবং শিক্ষা বিষয়ে যুক্তরাষ্ট্রের নীতিমালা প্রসারও তাদের লক্ষ।
সফরে ম্যাককালাম ও ভারভিয়ার মাতৃত্ব ও শিশু সাস্থ্য, শিক্ষায় তরুণীদের অংশগ্রহণ উন্নয়ন, বাল্যবিয়ে, লিঙ্গ-ভিত্তিক সহিংসতা, মানবপাচার এবং জলবায়ুর পবিবর্তনে নারীদের ভূমিকা বিষয় নিয়ে এদেশের সরকারি কর্মকর্তা এবং বেসরকারি প্রতিষ্ঠানের সঙ্গে মত বিনিময় করবেন।
ডেমোক্র্যাট দলীয় কংগ্রেস সদস্য ম্যাককালাম ষষ্ঠবারের মতো যুক্তরাষ্ট্র কংগ্রেসে প্রতিনিধিত্ব করছেন। স¤প্রতি তিনি কংগ্রেসে একটি আইন উপস্থাপন করেছেন যাতে বাল্যবিয়েকে মানবাধিকার লঙ্ঘন হিসাবে দেখা হয়েছে। তিনি যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র নীতির অংশ হিসেবে বাল্যবিয়ে বিলোপের জন্য প্রচারণা শুরু করেছেন।
বিজ্ঞপ্তির তথ্য অনুযায়ী, ওই আইনের জন্য বাল্যবিয়ের বিস্তার এবং যুক্তরাষ্ট্রের মূল উন্নয়ন লক্ষ্যে এর প্রভাবের ওপর তথ্য-উপাত্ত সংগ্রহ ও প্রচারে যুক্তরাষ্ট্র আন্তর্জাতিক উন্নয়ন সংস্থা (ইউএসএআইডি) এবং দেশটির পররাষ্ট্র দপ্তরের কার্যকরী পদক্ষেপ প্রয়োজন।
রাষ্ট্রদূত ভারভিয়ার পররাষ্ট্র দপ্তরের বিশ্ব নারী বিষয়ক পরিচালক হিসেবে বিশ্বে নারীদের রাজনৈতিক, অর্থনৈতিক এবং সামাজিক অগ্রগতির সঙ্গে সম্পৃক্ত পররাষ্ট্র নীতিমালা ও কর্মসূচির সমন্বয় করে থাকেন। এছাড়া যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র নীতি নির্ধারণে মানবাধিকারের সঙ্গে পরিপূর্ণভাবে নারীর অধিকার সমন্বিত করার বিষয়টি নিশ্চিত করতে সহায়তা করে থাকেন তিনি।
আগামী ৬ জানুয়ারি নেপালের উদ্দেশে ঢাকা ছাড়বেন ভারভিয়ার। ম্যাককালাম আগামী ১০ জানুয়ারি পর্যন্ত বাংলাদেশ সফর করবেন ।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসএসজেড/পিডি/২০২২ ঘ.
bdnews24