কিশোরগঞ্জ, জানুয়ারি ০৩ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- সন্ত্রাস ও চাঁদাবাজির প্রতিবাদে কিশোরগঞ্জের বাজিতপুরে অনির্দিষ্টকালের জন্য নৌ অবরোধ কর্মসূচি শুরু হয়েছে।
মঙ্গলবার সকালে উত্তর-পূর্বাঞ্চলীয় নৌযান মালিক ও শ্রমিক সমিতির ডাকে ঘোড়াউত্রা নদীতে দীঘিরপাড় লঞ্চ ঘাট পয়েন্টে অবরোধ করে আন্দোলনকারীরা।
অবরোধের কারণে সিলেট, সুনামগঞ্জ, ভৈরব, আশুগঞ্জ, মুন্সিগঞ্জ, নারায়নগঞ্জ, ঢাকা, চাঁদপুরসহ দেশের বিভিন্ন নৌপথে চলাচলকারী শতাধিক নৌযান আটকা পড়ে।
এসব নৌযানে প্রধানত পাথর, কয়লা, বালু ও কৃষিপণ্য পরিবহন করা হয়।
নৌযান শ্রমিক সমিতির সাধারণ সম্পাদক জামাল উদ্দিন বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “শান্তিপূর্ণ অবরোধ কর্মসূচিতে পুলিশ লাঠিচার্জ করলে ২০ শ্রমিক আহত হয়।”
তবে, বাজিতপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা গোলাম রহমান শ্রমিকদের ওপর লাঠিচার্জের অভিযোগ অস্বীকার করে বলেন, “পরিস্থিতি উত্তপ্ত করতে এটা প্রচার করা হচ্ছে।”
দুপুরে লঞ্চ ঘাট এলাকায় উত্তর-পূর্বাঞ্চলীয় নৌযান মালিক ও শ্রমিক সমিতি একটি বিক্ষোভ মিছিল ও সমাবেশ করে।
নৌ পথে সন্ত্রাস ও চাঁদাবাজি বন্ধ না হলে অনির্দিষ্টকাল অবরোধ কর্মসূচি অব্যাহত রাখার ঘোষণা দেন নেতারা।
নৌযান মালিক ও শ্রমিক সমিতির সভাপতি অধ্যাপক তোফাজ্জল হোসেন বাদল বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, নৌযানে চাঁদাবাজি, ছিনতাইসহ বিভিন্ন সন্ত্রাসী কর্মকাণ্ডে তাদের পক্ষে ব্যবসা পরিচালনা অসম্ভব হয়ে দাঁড়িয়েছে।
সুনামগঞ্জ, মুন্সিগঞ্জ ও নারায়নগঞ্জের বিভিন্ন পয়েন্টে চাঁদাবাজদের দৌরাত্ব সবচেয়ে বেশি বলে উল্লেখ করেন তোফাজ্জল।
নৌযান মালিক ও শ্রমিক সমিতির সংগ্রাম কমিটির আহবায়ক সানোয়ার আলী শাহ সেলিম বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, এ নিয়ে ঢাকার রাজারবাগে সংশ্লিষ্ট জেলার পুলিশ সুপারদের সঙ্গে বৈঠকে করেছেন।
এরপর গত ২০ ডিসেম্বরের ঢাকায় জাতীয় প্র্রেসক্লাবে সংবাদ সম্মেলনে সমাধান চেয়ে অর্ধশতাধিক ষ্পটে চাঁদার পরিমাণ প্রকাশ করেছেন তারা।
এসব চাঁদাবাজির বেশিরভাগ অভিযোগ বিভিন্ন থানা ও ফাঁড়ি পুলিশের বিরুদ্ধে বলে দাবি করেন সানোয়ার।
চাঁদাবাজির অভিযোগ প্রসঙ্গে বাজিতপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা গোলাম রহমান বলেন, এমন কোনো অভিযোগ লিখিত বা মৌখিকভাবে পাওয়া যায়নি।
তিনি বলেন, অভিযোগ পেলে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এমএইচপি/পিডি/২০০৬ ঘ.
bdnews24