ঢাকা, ডিসেম্বর ০৩ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- গ্রামের উন্নয়নে ইউনিয়ন পরিষদকে থোক বরাদ্দ দেওয়া হবে। এ সংক্রান্ত প্রকল্পসহ মোট সাতটি প্রকল্প মঙ্গলবার অনুমোদন করে একনেক।
প্রধানমন্ত্রী শেখ হাসিনার সভাপতিত্বে জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটির (একনেক) বৈঠকে মঙ্গলবার এ সংক্রান্ত তিন হাজার ৯১২ কোটি টাকার একটি প্রকল্প অনুমোদন দেওয়া হয়।
প্রকল্পের আওতায় গ্রামীণ যোগাযোগ ও হাট-বাজার অবকাঠামো উন্নয়ন, পানি সরবরাহ ও পয়ঃনিষ্কাশন, শিক্ষা, স্বাস্থ্য, কৃষি প্রভৃতি খাতে বিভিন্ন কর্মসূচি বাস্তবায়ন করা হবে।
বৈঠক শেষে ভারপ্রাপ্ত পরিকল্পনা সচিব ভূঁইয়া সফিকুল ইসলাম এক সংক্ষিপ্ত প্রেস ব্রিফিংয়ে এ তথ্য জানান।
‘সেকেন্ড লোকাল গভর্ন্যান্স সাপোর্ট প্রজেক্ট (এলজিএসডি-২)’ শীর্ষক এ প্রকল্পের কার্যপত্রে বলা হয়েছে, স্থানীয় জনগণের চাহিদার ভিত্তিতে প্রয়োজনীয় সেবা প্রদানে দক্ষ, জবাবদিহিমূলক ও স্বচ্ছ স্থানীয় সরকার ব্যবস্থা নিশ্চিত করা এ প্রকল্পের মূল্য উদ্দেশ্য।
প্রকল্পের ১ম পর্যায়ের কাজ ২০০৬ সালের জুলাই থেকে শুরু হয়ে ২০১১ সালের জুন মাসে শেষ হয়েছে। এখন দ্বিতীয় পর্যায়ের প্রকল্পটি বাস্তবায়ন হবে।
প্রকল্পের আওতায় ইউনিয়ন পরিষদে থোক বরাদ্দ দেওয়া হবে। প্রাথমিক পর্যায়ে সরকার ও বিশ্ব ব্যাংকের অর্থ বরাদ্দের অনুপাত হবে ৫০:৫০। পর্যায়ক্রমে সরকারি অংশ বেড়ে প্রকল্পের শেষ বছরে এ অনুপাত হবে ৬০:৪০।
এছাড়া পরিষদের সাংগঠনিক সক্ষমতা বাড়াতে ব্যাপক প্রশিক্ষণ কার্যক্রম পরিচালনা করা হবে। প্রকল্প বাস্তবায়নে বিশ্বব্যাংকের কাছ থেকে দুই হাজার ৭৩ কোটি টাকা পাওয়া যাবে।
আরও ছয় প্রকল্প
বৈঠকে গ্রামের উন্নয়ন প্রকল্প ছাড়াও আরও ছয়টি প্রকল্প অনুমোদন হয়। সব মিলিয়ে মঙ্গলবার একনেক সভায় মোট পাঁচ হাজার ৬৮ কোটি টাকার সাতটি প্রকল্প অনুমোদন করা হয়।
এর মধ্যে স্থানীয় মুদ্রায় যোগান দেওয়া হবে দুই হাজার ৯৯৫ কোটি টাকা। বিদেশি সহায়তা পাওয়া যাবে দুই হাজার ৭৩ কোটি টাকা।
সভায় ১০৪ কোটি টাকার ১৯টি আঞ্চলিক পাসপোর্ট অফিস ভবন নির্মাণ প্রকল্প অনুমোদন করা হয়। এর ফলে নিকটবর্তী সুবিধাজনক স্থান থেকে জনগণ যন্ত্রপঠিত পাসপোর্ট সংক্রান্ত সুবিধা পাবে।
এছাড়া সভায় ৭৮০ কোটি টাকা ব্যয় সংবলিত ইউনিয়ন পরিষদ কমপে¬ক্স ভবন (২য় পর্যায়) প্রকল্প অনুমোদন করা হয়।
অনুমোদিত অন্য প্রকল্পগুলো হলো- ৫১ কোটি টাকার কনস্ট্রাকশন অফ এভিয়েশন রিফুয়েলিং ফ্যাসিলিটিজ এট সিলেট ওসমানী ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট প্রজেক্ট (সংশোধিত), ৬০ কোটি টাকার কনস্ট্রাকশন অফ লিকুইড ফুয়েল সিস্টেমস ফল সিরাজগঞ্জ ১৫০ মেগাওয়াট পিকিং পাওয়ার প¬ান্ট প্রজেক্ট (সংশোধিত), ১১০ কোটি টাকার ইমার্জেন্সি রিহ্যাবিলিটেশন এন্ড এক্সপানশন অফ আরবান এরিয়াস পাওয়ার ডিস্ট্রিবিউশন সিস্টেম আন্ডার রাজশাহী জোন প্রজেক্ট (সংশোধিত) এবং ৫১ কোটি টাকার ঢাকা সিটি কর্পোরেশনের আওতায় বেড়িবাঁধ থেকে মোহাম্মদপুর বাস স্ট্যান্ড পর্যন্ত সংযোগ সড়ক নির্মাণ প্রকল্প।
রাজধানীর শেরে বাংলা নগরে এনইসি সম্মেলন কেন্দ্রে অনুষ্ঠিত সভায় অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত, পরিকল্পনামন্ত্রী একে খন্দকার, কৃষিমন্ত্রী মতিয়া চৌধুরী, পানিসম্পদমন্ত্রী রমেশ চন্দ্র সেনসহ প্রধানমন্ত্রীর উপদেষ্টা এবং ঊর্ধ্বতন সরকারি কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এআরএইচ/পিডি/১৯৩৩ ঘ.
bdnews24