শেরপুর, জানুয়ারি ০৩ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- শেরপুরের ঝিনাইগাতী উপজেলায় একটি বিদ্যালয়ের পিকনিকের বাস উল্টে অন্তত ২০ শিক্ষক-শিক্ষার্থী আহত হয়েছেন।
মঙ্গলবার বেলা সাড়ে ১২টার দিকে উপজেলার কোয়ারি রোডে এ দুর্ঘটনায় আহতরা টাঙ্গাইলের দেলদুয়ার উপজেলার চকতৈল একেএ সালাম উচ্চ বিদ্যালয়ের শিক্ষক ও শিক্ষার্থী।
তাদের শেরপুর জেলা সদর হাসপাতাল ও স্থানীয় বিভিন্ন ক্লিনিকে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে বলে পুলিশ জানিয়েছে।
ঝিনাইগাতী থানার উপ-পরিদর্শক (এসআই) মো. আক্তারুজ্জামান বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, চকতৈল একেএ সালাম উচ্চ বিদ্যালয়ের ৪৯ জন শিক্ষার্থী ও ১০ জন শিক্ষককে নিয়ে বাসটি নালিতাবাড়ীর মধুটিলা ইকোপার্কে যাচ্ছিল।
“পথে বাসটি নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশের পুকুরে পড়ে গেলে ১৫ জন শিক্ষার্থী ও পাঁচজন শিক্ষক আহত হন। স্থানীয়দের সহায়তায় বাসটি থেকে ছাত্রছাত্রী ও শিক্ষকরা বেরিয়ে আসতে সক্ষম হন।”
এসআই আক্তারুজ্জামান আরো বলেন, পুকুরে পানি কম থাকার কারণে প্রাণহানির ঘটনা ঘটেনি। আহতরা চিকিৎসা নিয়ে দেলদুয়ার ফিরে গেছেন।
দুর্ঘটনাকবলিত বাসটি উদ্ধারের চেষ্টা চলছে বলে জানান তিনি।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/কিউএইচ/ডিডি/১৯২৯ ঘ.
bdnews24