ঢাকা, জানুয়ারি ০৩ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- চাঁদাবাজির অভিযোগে পল্লবী থানার দুই উপ-পরিদর্শক, এক কনস্টেবলসহ চারজনের বিরুদ্ধে ঢাকার মুখ্য মহানগর হাকিম আদালতে মামলা হয়েছে।
মঙ্গলবার পল্লবীর বাসিন্দা মো. আবদুল হামিদ মামলাটি করেন।
মহানগর হাকিম মো. শাহাদাত হোসেন শুনানি শেষে মহানগর পুলিশের উত্তর জোনের উপকমিশনারকে তদন্ত করে আইনগত ব্যবস্থা নেওয়ার নির্দেশ দিয়েছেন।
আরজিতে আসামি হিসেবে উপপরিদর্শক অজিৎ রায়ের নাম থাকলেও অপর উপপরিদর্শক ও এক কনস্টেবলের নাম অজ্ঞাত দেখানো হয়েছে। অন্য আসামি হচ্ছেন পল্লবী থানা এলাকার মৃত মিন্নত আলির ছেলে দেলোয়ার প্রধান ওরফে লায়ন দেলোয়ার।
বাদী আরজিতে বলেন, তিনি ‘ড্রিম ল্যান্ড অ্যাপার্টমেন্ট লিমিটেড’, ‘রিলায়েন্স আবাসন ডেভেলপারস লিমিটেড’ এর ব্যবস্থাপনা পরিচালক। অন্যদিকে ‘মিডটাউন শপিং মল’ ব্যবসায়ী সমিতির সভাপতি। গত ১৭ ডিসেম্বর রাত ১১টার দিকে পল্লবী থানার উপপরিদর্শক অজিৎ রায়সহ আসামিরা পল্লবী থানার একটি চুরির মামলায় কোনো ধরনের সম্পৃক্ততা ছাড়াই তাকে গ্রেপ্তার করে। পরে তাকে মারধরও করা হয়।
এতে আরো বলা হয়, গ্রেপ্তারের পর আসামিরা তাকে থানায় আটক রেখে আরো বেশ কয়েকটি পেন্ডিং মামলায় জড়িয়ে পরের দিন আদালতে চালান দেওয়ার ভয়ভীতি দেখিয়ে ৩০ হাজার টাকা দিতে বাধ্য করেন। পরে দুটি সাদা কাগজে স্বাক্ষর নিয়ে তাকে ছেড়ে দেওয়া হয়।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/পিবি/এএল/১৯২০ ঘ.
bdnews24