ঢাকা, জানুয়ারি ০৩ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- আড়িয়াল খাঁ নদীতে সেতুসহ চারটি সেতু নির্মাণে একটি চীনা কোম্পানির সঙ্গে চুক্তি হয়েছে।
মঙ্গলবার আনহুই কন্সট্রাকশন ইঞ্জিনিয়ারিং গ্র“প কোম্পানি লিমিটেডের সঙ্গে চুক্তি সই করে যোগাযোগ মন্ত্রণালয়ের সড়ক ও জনপথ বিভাগ।
যোগাযোগ মন্ত্রণালয়ের সড়ক ও জনপথ বিভাগের সচিব এম এ সিদ্দিক বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, আড়িয়াল খাঁ নদীতে কাজিরটেক সেতুর দৈর্ঘ্য এবং বাকি তিনটির ৩১৬ মিটার।
এ প্রকল্পের জন্য মোট ব্যয় ধরা হয়েছে ২৭৫ কোটি টাকা। এর মধ্যে প্রকল্প সহায়তা হিসেবে পাওয়া যাবে ২০০ কোটি টাকা, বাকি ৭৫ কোটি টাকা দেবে বাংলাদেশ সরকার।
২০১৪ সালের মধ্যে চারটি সেতু নির্মাণের কাজ শেষ হবে বলেও জানান তিনি।
চুক্তি সই অনুষ্ঠানে চীনের রাষ্ট্রদূত জং শিয়াংকি বলেন, এই প্রকল্পকে বাংলাদেশ-চীন বন্ধুত্বের অন্যতম নিদর্শন। তার দেশ এই বিনিয়োগের পাশাপাশি ঢাকা-চট্টগ্রাম সড়ক প্রকল্পেও বিনিয়োগে আগ্রহী।
যোগাযোগমন্ত্রী ওবায়দুল কাদের বলেন, এই উদ্যোগ বাংলাদেশ-চীনের বন্ধুত্বে ধারাবাহিকতারই প্রকাশ।
যোগাযোগমন্ত্রীর বক্তব্যের পর চুক্তি সই হয়। এতে সড়ক ও জনপথ বিভাগের প্রধান প্রকৌশলী আব্দুল কুদ্দুস এবং আনহুই কো. লি.-এর পক্ষে কোম্পানির জেনারেল ম্যানেজার জিং জুয়াং জং স্বাক্ষর করেন।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসডব্লিউ/এএল/১৮৫৫ ঘ.
bdnews24