২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

সাংবাদিককে ‘মারধর’: দুই সংগঠনের নিন্দা

রাজধানীর মনিপুর উচ্চ বিদ্যালয়ে সাংবাদিক ‘মারধরের’ ঘটনায় নিন্দা এবং অপরাধীদের গ্রেপ্তার দাবি জানিয়েছে অপরাধ বিষয়ক প্রতিবেদকদের দুটি সংগঠন।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 03 Jan 2012, 12:18 PM

Updated : 24 Aug 2022, 10:29 AM

ঢাকা, জানুয়ারি ০৩ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- রাজধানীর মনিপুর উচ্চ বিদ্যালয়ে সাংবাদিক ‘মারধরের’ ঘটনায় নিন্দা এবং অপরাধীদের গ্রেপ্তার দাবি জানিয়েছে অপরাধ বিষয়ক প্রতিবেদকদের দুটি সংগঠন। ঢাকা রিপোর্টাস ইউনিটি (ডিআরইউ), বাংলাদেশ ক্রাইম রিপোর্টার্স অ্যাসোসিয়েশন (ক্র্যাব) ও ক্রাইম রিপোর্টাস বহুমুখি সমবায় সমিতি লিমিটেড মঙ্গলবার পৃথক বিবৃতিতে এ নিন্দা জানায়। ডিআরইউ নেতৃবৃন্দ অবিলম্বে হামলাকারীদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে সরকারের প্রতি আহ্বান জানায়। ক্র্যাবের দপ্তর সম্পাদক মো. শহিদুল ইসলাম রানা স্বাক্ষরিত বিবৃতিতে বলা হয়, “মিরপুরের রাজধানীর মনিপুর উচ্চ বিদ্যালয়ে ভর্তি সংক্রান্ত তথ্য সংগ্রহে পেশাগত দায়িত্ব পালনের সময় আরটিভির স্টাফ রিপোর্টার ওসমান গনি বাবুল ও স্টাফ রিপোর্টার অপর্ণা সিংহসহ অন্যান্য মিডিয়ার সাংবাদিকদের উপরে হামলা চালিয়েছে ক্যাডার বাহিনী। ক্র্যাব অবিলম্বে এসব হামলাকারীদের গ্রেপ্তার ও শাস্তির দাবি জানাচ্ছে।” ক্রাইম রিপোর্টাস বহুমুখি সমবায় সমিতি লিমিটেডের সম্পাদক নেসারুল হক খোকন স্বাক্ষরিত এক বিবৃতিতেও হামলাকারীদের গ্রেপ্তার ও দৃষ্টান্তমুলক শাস্তির দাবি জানানো হয়। ছাত্র ভর্তির ক্ষেত্রে অতিরিক্ত ফি আদায় করা হচ্ছে- এরকম খবর পেয়ে বেসরকারি টিভি চ্যানেল আরটিভির স্টাফ রিপোর্টার অপর্ণা সিংহ মঙ্গলবার সকালে রাজধানীর মিরপুরে মনিপুর উচ্চ বিদ্যালয়ে যান। সেখানে ওই এলাকার সংসদ সদস্য এবং বিদ্যালয়টির পরিচালনা পর্ষদের সভাপতি কামাল আহমেদ মজুমদার তার ওপর চড়াও হন বলে অভিযোগ করেছে আরটিভি কর্তৃপক্ষ। তবে সরকারদলীয় এ সংসদ সদস্য অভিযোগ অস্বীকার করে বলেন, তিনি ওই প্রতিবেদককে ‘সরিয়ে’ দিয়েছেন মাত্র। এদিকে বিদ্যালয়ের এ ঘটনা খতিয়ে দেখতে মঙ্গলবার তিন সদস্যের তদন্ত কমিটি গঠন করেছে শিক্ষা মন্ত্রণালয়। মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তরের মহাপরিচালক অধ্যাপক নোমান উর রশীদকে এই কমিটির আহ্বায়ক করা হয়েছে। তদন্ত কমিটিকে আগামী দুই কার্যদিবসের মধ্যে প্রতিবেদন দিতে বলা হয়েছে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এএইচএ/পিডি/১৮১৬ ঘ.